ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণার রায়ে স্থগিতাদেশ বাড়ল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশের মেয়াদ ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন।
ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চার সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাইকোর্টে রিট করেন।
রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ৬ জানুয়ারি প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আবেদন করে, যা ১০ জানুয়ারি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
সেদিন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের রায় ১৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে এই সময়ে ডেল্টা লাইফের স্বাভাবিক প্রশাসনে হস্তক্ষেপ না করতে আইডিআরএকে নির্দেশ দেওয়া হয়। আইডিআরএর করা আবেদনটি ১৬ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।
আদালতে আইডিআরএর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শেখ মোহাম্মদ মোরশেদ।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তানজিব উল আলম, মোস্তাফিজুর রহমান খান ও আবুল কালাম আজাদ।
পরে জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন। হাইকোর্টের রায় স্থগিত থাকায় প্রশাসক কাজ চালিয়ে যেতে পারবেন।