ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণার রায়ে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল্টা লাইফ ইনস্যুরেন্স
ফাইল ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশের মেয়াদ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন আপিল বিভাগ।

বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন।

ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চার সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাইকোর্টে রিট করেছিলেন। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ৬ জানুয়ারি প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আবেদন করে, যা ১০ জানুয়ারি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় ১৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে এ সময়ে ডেল্টা লাইফের স্বাভাবিক প্রশাসনে হস্তক্ষেপ না করতে আইডিআরএকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৬ জানুয়ারি শুনানির জন্য পাঠান চেম্বার আদালত।

এর ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেদিন আপিল বিভাগ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ ২৩ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে।

আদালতে আইডিআরএর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী তানজিব উল আলম।

শুনানিতে ১৬ জানুয়ারি দেওয়া স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আরজি জানান আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ।

আদালত বলেন, ‘হাইকোর্টের রায়ের কপি পেয়েছেন?’

তখন শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, ‘এখনো কপি পাইনি।’

আদালত বলেন, ‘আমরা দুই সপ্তাহের জন্য মুলতবি করছি। প্রধান বিচারপতিসহ আমরা বিষয়টি শুনব।’

তখন আইনজীবী তানজিব উল আলম দুই সপ্তাহের জন্য না রেখে এক সপ্তাহের জন্য মুলতবির আরজি জানান।

আদালত বলেন, ‘প্রধান বিচারপতি তো এখনো হাসপাতালে।’

৬ ফেব্রুয়ারি শুনানির দিন রেখে আদালত বলেন, স্থগিতাদেশের মেয়াদ এই সময় পর্যন্ত বাড়ানো হলো।

১৬ জানুয়ারি জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেছিলেন, হাইকোর্টের রায় স্থগিত থাকায় প্রশাসক কাজ চালিয়ে যেতে পারবেন।