দেশের পাঁচটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লাভজনক ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে (ডেসকো) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে দুর্নীতির আশঙ্কা করছেন প্রকৌশলীরা।প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইউবি), আইইউবির ঢাকা কেন্দ্র এবং পানি-বিদ্যুৎ প্রকৌশলী সমিতির নেতারা গতকাল বুধবার লিখিতভাবে এই আশঙ্কার কথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হককে জানিয়েছেন। মন্ত্রণালয় ও প্রকৌ-শলীদের সংগঠনগুলোর সূত্রে এ খবর জানা গেছে। প্রতিমন্ত্রী বরাবর লেখা এক দরখাস্তে প্রকৌশলীরা বলেছেন, গত মার্চ মাসে শূন্য হওয়া ডেসকোর এমডি পদে নতুন নিয়োগের জন্য গত ২০ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে সাতজনের সাক্ষাৎকার নেওয়া হয়। প্রত্যেকেই বিদ্যুৎ খাতে অনেক দিনের অভিজ্ঞ হওয়া সত্ত্বেও তাঁদের কাউকে নিয়োগ না দিয়ে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ধারা সংশোধন করে গত ১৯ এপ্রিল আবার বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে সাতজনকে বাছাই (সংক্ষিপ্ত তালিকা) করে কাল শুক্রবার সকালে তাঁদের সাক্ষাৎকারে ডাকা হয়েছে। ওই দিনই বিকেলে ডেসকো বোর্ডেরও সভা ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে সাক্ষাৎকার নিয়ে বিকেলেই বোর্ড সভায় নিয়োগ অনুমোদন করানো হবে।যে সাতজনকে বাছাই করা হয়েছে তাঁদের মধ্যে দুজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এঁদের একজনও প্রকৌশলী নন এবং বিদ্যুৎ খাতে কাজেরও কোনো অভিজ্ঞতা নেই। অথচ তাঁদের নামই বাছাই তালিকার শীর্ষে। নানা সূত্রে শোনাও যাচ্ছে, তাঁদেরই একজনকে এমডি পদে বসানো হবে। সরকারি-বেসরকারি বিভিন্ন সূত্র জানায়, লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় ডেসকোর চাকরি প্রভাবশালীদের কাছে লোভনীয় হয়ে উঠেছে। রাজনৈতিক-সামাজিক, এমনকি আর্থিক প্রভাব খাটিয়েও অনেকে প্রতিষ্ঠানটির শীর্ষ পদে অধিষ্ঠিত হতে আগ্রহী হয়ে উঠেছেন।