ডেসকোর গাড়ি নিয়ে ট্রান্সফরমার চুরির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে ডেসকোর গাড়ি ব্যবহার করে ট্রান্সফরমার চুরির সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ডেসকোর কর্মকর্তারা ওই ব্যক্তিকে অর্থের বিনিময়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।টঙ্গী মডেল থানার পুলিশ ও এলাকাবাসীর অনেকে জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার সাকিল সরণিতে ট্রান্সফরমার খোলার সময় মোফাজ্জল নামের একজনকে আটক করে এলাকাবাসী। তাঁর সঙ্গে ডেসকোর ব্যবহার করা একটি ওয়াকিটকি ও একটি পিকআপ গাড়ি ছিল। এ সময় গাড়ির চালক দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মোফাজ্জলকে আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধার করে পিকআপ গাড়ি ও ওয়াকিটকি। মোফাজ্জল ডেসকোর নিয়মিত ঠিকাদার সাজু এন্টারপ্রাইজের কর্মচারী ছিলেন। সাজু এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হক ওরফে সাজু প্রথম আলোকে বলেন, ডেসকোর অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ফোরম্যান আনিসুর রহমান, লাইনম্যান জামাল শেখ, গাড়ির চালক রওশন ও মোফাজ্জলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।টঙ্গী থানা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, থানার কর্তব্যরত কর্মকর্তা ডেসকোর কর্মকর্তাদের যোগসাজশে অর্থের বিনিময়ে রাতেই মোফাজ্জলকে ছেড়ে দেন।অভিযোগ অস্বীকার করে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ ইমতিয়াজ বলেন, ‘ডেসকোর তিন কর্মকর্তা গভীর রাতে এসে মোফাজ্জলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের জিম্মায় নেন। অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয়।’ডেসকোর টঙ্গী এলাকার পশ্চিম জোনের ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী বলেন, ‘ডেসকোর কর্মকর্তারা থানায় যাওয়ার আগেই পুলিশ মোফাজ্জলকে ছেড়ে দেয়। টাকা দিয়ে ছাড়িয়ে আনার অভিযোগ সত্য নয়।’