ডেসটিনি অন্যায় করেছে বলে মনে হচ্ছে: দুদক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমএলএম বা বহু স্তরের বিপণন কোম্পানিগুলোকে লুটেরা আখ্যা দিয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দরিদ্র মানুষের অর্থ নিয়ে ডেসটিনিও অন্যায় করেছে বলে মনে হচ্ছে।দুদকের চেয়ারম্যান বলেন, ইউনিপেটু-এর মতো এসব এমএলএম প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্কিমের মাধ্যমে সম্পদ দ্বিগুণ করার লোভ দেখিয়ে দরিদ্র মানুষের সম্পদ লুটেপুটে খেয়েছে। ডেসটিনি এ ধরনের অন্যায় করেছে প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। গোলাম রহমান সাংবাদিকদের এ ধরনের অন্যায় ঘটনা তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা লিখলেই তা আমাদের নজরে আনতে সুবিধা হয়।’এদিকে গণমাধ্যমই ডেসটিনির বিরুদ্ধে বিভ্রান্তি এবং অভিযোগ ছড়িয়েছে বলে দাবি করেছেন গ্রুপটির চেয়ারম্যান ও ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন। তিনি বলেন, ‘ডেসটিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংবাদমাধ্যমের একতরফা সৃষ্টি। কই, আমাদের সামনে তো কোনো অভিযোগকারী আসে না। অভিযোগকারীরা সবাই গণমাধ্যমের কাছে পৌঁছায় কীভাবে।’গতকাল বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কিছু নথিপত্র জমা দিয়ে ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে রফিকুল আমীন এ দাবি করেন। জানা গেছে, ডেসটিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ট্রি প্ল্যান্টেশনের নথিপত্র জমা দিতে রফিকুল আমীন দুদকে আসেন। তিনি এ সময় বলেন, ‘ডেসটিনি আমাদের ১১ বছরের প্রতিষ্ঠান। ১১ দিনেই তো আর সব কাগজপত্র জমা দেওয়া যায় না। তবে আমরা ৯০ শতাংশ কাগজপত্র জমা দিয়েছি।’এ সময় কর ফাঁকি দেওয়ার অভিযোগও অস্বীকার করে রফিকুল আমীন বলেন, ‘ডেসটিনি কোনো খাতেই ট্যাক্স ফাঁকি দেয়নি। বাণিজ্য মন্ত্রণালয় ট্যাক্স ফাঁকির যে অভিযোগ দিয়েছে, তা সুনির্দিষ্ট নয়। কোন খাতে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে, তা বলা হয়নি। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এসব বিষয়ে জানতে চেয়েছি।’যুবকের মতো ডেসটিনির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তদন্ত কমিশন তৈরি হচ্ছে জানালে রফিকুল আমীন বলেন, ‘যদি কমিশন গঠন করা হয়, তবে তার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত।’দুদক থেকে পাঠানো চিঠির কারণে ডেসটিনির ১৬ পরিচালকের মধ্যে ডেসটিনির এমডি রফিকুল আমীন, পরিচালক মোহাম্মদ হোসেন, গোফরানুল হক ও সাঈদুর রহমান গত মঙ্গলবার কমিশনে হাজির হয়ে জবানবন্দি দেন। আর বুধবার বেলা সাড়ে ১১টায় দুদকে হাজিরা দেন ডেসটিনির পরিচালক সাজ্জাদ হোসেন, মেজবাহ উদ্দিন ও ইরফান আহমেদ। এ সময় পরিচালক তারিকুল হুদা সরকারের উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। এ ছাড়া আজ বৃহস্পতিবার ডেসটিনির পরিচালক হোসনে আরা ইসলাম, ফারাহ দিবা, মিতু রানী বিশ্বাস ও সেলিনা রহমানের দুদকে জবানবন্দি দেওয়ার কথা।