ডেসটিনি নিয়ে দুদকের তদন্ত দল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপ নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুই সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে সংস্থাটি। এ ছাড়া সমবায় অধিদপ্তরও গঠন করেছে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত দল। ডেসটিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর অনিয়ম-দুর্নীতি, প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ ও মানি লন্ডারিংয়ের বিষয়েই মূলত তদন্ত হবে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ও একটি কমিটি গঠন করেছিল। এ ছাড়া তদন্ত সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, নিজস্ব গোয়েন্দা ইউনিটের সংগৃহীত তথ্যাদি পর্যালোচনা করে সংস্থাটি ডেসটিনির দুর্নীতিসহ নানা অনিয়ম তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তবে তারা অগ্রাধিকার দিচ্ছে ডেসটিনির অর্থ পাচারের বিষয়টি। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ডেসটিনির অনিয়ম ও দুর্নীতি তদন্ত করবে। এই দুজন এর আগে ইউনিপেটুইউ নিয়ে তদন্ত করেছিলেন। তাই তাঁদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এদিকে, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার ইকবাল হোসেনকে প্রধান করে গঠন করা হয় পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি। এ কমিটি ৩০ এপ্রিলের মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নানা-অনিয়ম দুর্নীতি পরীক্ষা-নিরীক্ষা করবে। পাশাপাশি হিসাব পদ্ধতিও নিরীক্ষা করবে এ কমিটি।সূত্র জানায়, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক আহমেদুর রহিমকে প্রধান করে ছয় সদস্যের যে তদন্ত দল গঠন করা হয়েছে, তাতে গতকাল মঙ্গলবার পর্যন্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ছাড়া অন্য সবাই নাম পাঠিয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গত ১৩ ফেব্রুয়ারি ‘এমএলএম কোম্পানি ডেসটিনি ২০০০-এর অবৈধ কর্মকাণ্ড’ শীর্ষক ছয় সদস্যের একটি কমিটি গঠন করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কমিটির সদস্যরা হলেন: অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একজন করে উপসচিব এবং বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) থেকে একজন করে উপপরিচালক।