সরকারি তদন্তে ডেসটিনির মোট তিন হাজার ৭৯৮ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ১৭৮ টাকার অনিয়ম ও সন্দেহভাজন লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। জাতীয় সংসদে গতকাল রোববার প্রশ্নোত্তর পর্বে সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী জি এম কাদের জানান, ডেসটিনির অনিয়ম তদন্তে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি গত বছরের ১৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দেয়। এতে ডেসটিনি পরিবারভুক্ত ২২ জন পরিচালক ও শেয়ার মালিক নিজেদের মধ্যে অধিকাংশ লেনদেন করেছেন বলে অনিয়ম ধরা পড়ে। এ ছাড়া, তারা চড়া সুদে অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালাত। বিভিন্ন কোম্পানির শেয়ার হস্তান্তরে অনিয়ম করেছে ডেসটিনি। ক্রমাগত লোকসানি প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগের মাধ্যমে তহবিল তছরুপ করেছে।প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল পৌনে পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।জি এম কাদের জানান, একচেটিয়া পণ্যের বাজার সৃষ্টি করে ডেসটিনি চড়া মুনাফায় পণ্যসামগ্রী বিপণন করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন না করেই গ্রাহকদের কাছ থেকে অনেক অর্থ সংগ্রহ করেছে। এ ছাড়া সমিতির সদস্যদের কাছ থেকে পাওয়া অর্থ খরচেও তারা অনিয়ম করেছে। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, এমএলএম কোম্পানির প্রতারণা বন্ধে সরকার আইন করার উদ্যোগ নিয়েছে। আইনের খসড়া গত বছরের ১৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাই শেষে তা সংসদে উত্থাপন করা হবে।দেশে বেকারের সংখ্যা ২৭ লাখ: ফরিদা আক্তারের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানান, পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৭ লাখ। বেকারের সংখ্যা নির্ণয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কোনো জরিপ পরিচালিত হয় না।ইসরাফিল আলমের লিখিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে ছয় থেকে ১৭ বছর বয়সী শিশুশ্রমিকের সংখ্যা চার লাখ পাঁচ হাজার ৫০৪ জন। এর মধ্যে ৯৪ শতাংশ সার্বক্ষণিক এবং ৬ শতাংশ খণ্ডকালীন গৃহ শিশুশ্রমিক রয়েছে। শুধু ঢাকা মহানগরে এদের সংখ্যা এক লাখ ৩১ হাজার ৯৬৫ জন, যাদের ৭৮ শতাংশ মেয়ে।নুরুল ইসলাম বিএসসির প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, বর্তমান সরকারের আমলে বিদেশ থেকে এ পর্যন্ত এক লাখ ৭৩ হাজার ৫০৩ জন কর্মী ফেরত এসেছেন। এ ছাড়া লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতির কারণে ৩৬ হাজার ৬৫৬ জন কর্মী ফিরেছেন।মঈন উদ্দীন খান বাদলের সম্পূরক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে নতুন নতুন শ্রমবাজার চালু হয়েছে। হংকংয়ে নারী শ্রমিক পাঠানো হবে।অপু উকিলের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সশস্ত্র বাহিনী ঢাকা শহরকে আটটি সেক্টরে ভাগ করে ‘আর্থকোয়েক কন্টিনজেনসি প্ল্যান’-এর খসড়া তৈরি করেছে।মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, সুনামি ও জলোচ্ছ্বাস মোকাবিলায় ১২ জেলার ৩৫টি উপজেলায় আগাম বার্তা প্রচারের জন্য সাইরেন স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।