ডেসটিনি মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৫ মার্চ
বিতর্কিত বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৫ মার্চ ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জেসমিন আরা বেগম এ তারিখ ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, ডেসটিনির এই দুটি মামলায় আজ অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু আদালত নতুন করে আবার ১৫ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন।
চার হাজার ১১৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় বহুস্তর বিপণন প্রতিষ্ঠান ডেসটিনির বিরুদ্ধে করা দুটি মামলায় ১৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়। এ দুটি মামলায় আসামি ৫১ জন।
২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২৩ কর্তাব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২২ মাস পর গত ৪ মে দাখিল করা অভিযোগপত্রে ৫১ জনকে আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে চার হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং তার মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়। দুদক সূত্র জানায়, পুলিশ ডেসটিনির যেসব সম্পদ তদারক করছে, এর আর্থিক মূল্য মাত্র ৬৩১ কোটি টাকা।