ডেসটিনির অনিয়ম দেখতে কমিশন গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে বড় আকারের তদন্ত কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। ‘ডেসটিনি ২০০০ লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবৈধ কার্যক্রম’ বিষয়ে গঠিত কমিটি এই কমিশন গঠনের সুপারিশ করে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার তা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানা গেছে। প্রতিবেদনে ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের জন্যই তদন্ত কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, অভিজ্ঞ ও শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিয়ে শিগগির কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ অনুযায়ী যেন তা গঠন করা হয়। এর আগে ৭ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও যুবক (যুব কর্মসংস্থান সোসাইটি) কমিশনের মতো ডেসটিনির ব্যাপারেও কমিশন গঠনের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন। সূত্র জানায়, আজ মঙ্গলবার রাতে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন সরকারি কাজে কাতার যাবেন। যাওয়ার আগে কার্যদিবসেই তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর কাছে কমিশন গঠনের সুপারিশ করে চিঠি পাঠাবেন বলে জানা গেছে।যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক আহমেদুর রহিমকে প্রধান করে গত ১৩ ফেব্রুয়ারি গঠিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে বৈঠক করে গত ১০ এপ্রিল। কমিটির অন্য ছয় সদস্য হলেন—অর্থ, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন করে উপসচিব; বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একজন করে উপপরিচালক এবং সমবায় অধিদপ্তরের একজন অতিরিক্ত নিবন্ধক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির অবৈধ ব্যাংকিং কার্যক্রম, পরিচালকদের বিদেশে অর্থ পাচার ও মানি লন্ডারিং, মাল্টিলেভেল মার্কেটিংয়ের (এমএলএম) মাধ্যমে ডেসটিনি ২০০০ লিমিটেডের গ্রাহক প্রতারণা, অবৈধ শেয়ার বিক্রি, ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন ও আলিশা-ডেসটিনি অ্যাগ্রো কমপ্লেক্সের জমিতে কথিত বৃক্ষরোপণ, বেস্ট এভিয়েশনের অবৈধ শেয়ার বিক্রি, ডেসটিনি ২০০০ লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্টরাই সব প্রতিষ্ঠানের মালিক ইত্যাদি বিষয়ে তদন্ত ছিল কমিটির কার্যপরিধি। জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য তাগিদ দেয়। এর পরিপ্রেক্ষিতে দুই দিনের মাথায় গত বৃহস্পতিবার তিন পৃষ্ঠার একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করে কমিটি। প্রতিবেদনটির নানা দিক গতকাল সোমবার পর্যালোচনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটির প্রতিবেদনে কাদের নিয়ে তদন্ত কমিশন গঠন করতে হবে, তারও সুপারিশ রয়েছে। এতে বলা হয়েছে, সমবায় আইন, কোম্পানি আইন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইন এবং সিকিউরিটিজ আইনে অভিজ্ঞ আইনজীবী; চার্টার্ড অ্যাকাউনটেন্ট প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক, সমবায় অধিদপ্তর ও পুলিশ বিভাগের শীর্ষ পর্যায়ের সাবেক কর্মকর্তারা কমিটির সদস্য থাকবেন। প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কমিশন ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের আলাদা নিরীক্ষা করবে এবং সম্পদ ও দায়দেনা নিরূপণ করবে। এ ছাড়া মানি লন্ডারিং, অবৈধ ব্যাংকিং ও গ্রাহক প্রতারণা খতিয়ে দেখবে।এদিকে, ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের পরিচালকদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে গত রোববার দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে তথ্য জানানোর জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে।