ডেসটিনির আরও চারজন পরিচালককে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের চার পরিচালক ফারাহ দিবা, হোসনে আরা, সেলিনা রহমান ও নীতু রানী বিশ্বাসকে গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে একজনের বক্তব্যের সঙ্গে অন্যজনের বক্তব্যের ‘অসামঞ্জস্য’ পাওয়া গেছে। বেলা ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে চার পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদের পর অপেক্ষারত সাংবাদিকদের ডেসটিনির অন্যতম পরিচালক ফারাহ দিবা বলেন, আর্থিক বিষয় এবং ব্যবসাসম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য দুদক তাঁদের ডেকেছে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সেলের পরিচালক স্কোয়াড্রন লিডার মো. তাহিদুল ইসলামের বিশেষ তত্ত্বাবধানে উপপরিচালক মোজাহার আলী সরদার ডেসটিনি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন।দুদকের তদন্ত বিভাগ সূত্রে জানা গেছে, পরিচালক ফারাহ দিবা ও চেয়ারম্যান রফিকুল আমীনের ব্যক্তিগত যৌথ হিসাবে দুই কোটি টাকার বেশি লেনদেনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুসন্ধানকারীদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ডেসটিনির পরিচালক ফারাহ দিবা বলেছেন, তিনি বেতন পান মাসে দুই লাখ টাকা। এ ছাড়া পারিবারিক সম্পদ মিলিয়ে দুই কোটি টাকা তাঁর জন্য কোনো বিষয় নয়। দুদক সূত্র বলেছে, পরিচালক হিসেবে ডেসটিনির নীতি-নির্ধারণী ক্ষেত্রে তাঁর ভূমিকা কী—এ প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছেন ফারাহ দিবা। এদিকে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, তিন দিন ধরে জিজ্ঞাসাবাদে যেসব বক্তব্য পাওয়া গেছে তা যাচাই করা হবে। ডেসটিনির কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে দুদকের পাওয়া তথ্যের মধ্যে অমিল থাকলে এবং কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ পদক্ষেপ যেমন মামলা দায়ের করা হবে। গোলাম রহমান বলেন, ‘ডেসটিনির এই অনুসন্ধানে অনেক মানুষের স্বার্থ জড়িত। এ ক্ষেত্রে যদি মানি লন্ডারিং বা দুদকের তফসিলভুক্ত অপরাধ সংঘটিত হয়, তাহলে দুদক ছাড় দেবে না।’ গত মঙ্গলবার ও বুধবার ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীন ও ছয় পরিচালক মোহাম্মদ হোসেইন, গোফরানুল হক, সাঈদ উর রহমান, সাজ্জাদ হোসেন, মেজবাহ উদ্দিন ও ইরফান আহমেদের জবানবন্দি সম্পন্ন হয়েছে। পরিচালক তারিকুল হুদা সরকারকে উপস্থিত থাকতে বলা হলেও তিনি আসেননি।