ডেসটিনির আরও তিন পরিচালকের ব্যাংক হিসাব জব্দ
ডেসটিনি গ্রুপের আরও দুই পরিচালক ও এক উপপরিচালকের যাবতীয় ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাঁরা হলেন পরিচালক নেপাল চন্দ্র বিশ্বাস ও শেখ তৈয়েবুর রহমান, উপপরিচালক আশরাফুল আমিন। এর পাশাপাশি তাঁদের ব্যাংক হিসাবও তল্লাশি করা হচ্ছে।এর আগে প্রতিষ্ঠানটির পাঁচ পরিচালকের ব্যাংক হিসাব জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার তিন পরিচালকের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট (সিআইসি) সব ব্যাংককে চিঠি দেয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক হিসাবে সব লেনদেন স্থগিত থাকবে।এই আদেশের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের একক ও যৌথ নামে পরিচালিত সব মেয়াদি স্থায়ী আমানত (এফডিআর), সঞ্চয়পত্র, ডিপিএস হিসাব অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত থাকবে।১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১১৭(৪) ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ব্যাংক হিসাব জব্দ করেছে সিআইসি। আর ১১৩ (এফ) ধারায় ব্যাংক হিসাব তল্লাশি করা হচ্ছে।ইতিমধ্যে ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠান ও শীর্ষ ব্যক্তিদের রাজস্বসংক্রান্ত অনিয়ম তদন্ত করার জন্য এনবিআর সদস্য (নিরীক্ষা, পরিদর্শন ও তদন্ত) মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি গঠন করেছে এনবিআর। এনবিআর সূত্রে জানা গেছে, ডেসটিনির পরিচালক ও প্রতিষ্ঠানগুলোর আয়কর ফাইল, ব্যাংক হিসাব তল্লাশি করে প্রাথমিকভাবে রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে। তাই সংশ্লিষ্ট পরিচালকদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।গত ২৫ এপ্রিল ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ পাঁচ ব্যক্তির যাবতীয় ব্যাংক হিসাব জব্দ করা হয়। তাঁরা হলেন: ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, তাঁর স্ত্রী ফারাহ দিবা, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক সাইদ উর রহমান ও পরিচালক মেজবাহ উদ্দীন স্বপন।