ডেসটিনির এমডি ও এক পরিচালকের জামিন প্রশ্নে রুল
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও পরিচালক মোহাম্মদ হোসেনের জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁদের জামিনের আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।
আইনজীবী সূত্র জানায়, গত ১১ জুন নিম্ন আদালতে ওই দুজনের জামিনের আবেদন নামঞ্জুর হয়।
আদালতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী মো. বদিউজ্জামান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান শুনানি করেন। খুরশীদ আলম খান পরে প্রথম আলোকে বলেন, কেন তাঁদের জামিন দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডেসটিনি গ্রুপের এমডিসহ ২২ জন এবং এ কাজে সহযোগী ২৯ জনের বিরুদ্ধে ৪ মে অভিযোগপত্র দেয় দুদক।