ডেসটিনির এমডিকে চতুর্থবার দুদকে জিজ্ঞাসাবাদ
ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমিনকে চতুর্থবারের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল নয়টা থেকে সোয়া ১০টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।দুদক সূত্রে জানা গেছে, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ ও ট্রি প্লান্টেশনের নথিপত্রের বিভিন্ন প্রসঙ্গ যেমন—গ্রাহকের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, কত টাকা দিয়ে জমি কেনা হয়েছে, কী পরিমাণ গাছ কেনা হয়েছে—এসব বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়।তথ্য-উপাত্ত জমা দিতে এবং সেগুলোর পক্ষে নিজ বক্তব্য পেশ করতে এর আগে আরও তিনবার রফিকুল আমিন দুদকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন।দুদক সূত্র জানায়, এর আগে বুধবার মাল্টিপারপাস কো-অপারেটিভের আর্থিক লেনদেনের নথিপত্র এবং বৃহস্পতিবার ট্রি প্লান্টেশন ও ডেসটিনি ২০০০-এর আর্থিক নথিপত্র জমা দিতে বলায় গতকাল কাগজপত্র জমা দেন তিনি।