আদালতকক্ষে ছবি তুলে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন এক ব্যক্তি
ডেসটিনির এমডিসহ দুজনের জামিনের আবেদন
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা দুটি মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও পরিচালক মোহাম্মদ হোসেনের জামিনের আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক দিনের জন্য (নট টুডে) শুনানি মুলতবি করেন।
আদালত সূত্র জানায়, গত ১১ জুন ওই দুজনের জামিনের আবেদন নিম্ন আদালতে নামঞ্জুর হয়। পরে তাঁরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। গতকাল আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৬৫ নম্বর ক্রমিকে ছিল।
বিকেল সাড়ে তিনটার দিকে অন্য একটি আবেদনের বিষয়ে শুনানি চলছিল। এ সময় এজলাসকক্ষে মোশাররফ নামের এক ব্যক্তির মুঠোফোনে ছবি তোলার বিষয়টি আদালতের নজরে আনেন বেঞ্চ কর্মকর্তা। পরে মোশাররফকে ডেকে আনা হয়। আদালত তাঁর আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, দেখতে এসেছেন। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক বলেন, ডেসনিটির মামলা রয়েছে। ডেসটিনিসংশ্লিষ্ট লোক।
একপর্যায়ে তাঁকে মুঠোফোন জমা দিতে বলে আদালত বলেন, কেউ বলেনি আদালতের ভেতর ছবি তোলা যায় না। নাজমুল হক বলেন, ছবি মুছে ফেলা যথেষ্ট নয়। মুঠোফোনটি জব্দ করা প্রয়োজন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান এ সময় বলেন, এখন মুঠোফোনে উন্নতি প্রযুক্তি রয়েছে। তাই জব্দ করা উচিত। আদালত বলেন, চিন্তাভাবনা করছি। খুরশীদ আলম খান বলেন, সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত মুঠোফোনটি জব্দ করা উচিত। কেন ছবি তুলল তা পরীক্ষা করে দেখা দরকার।
এ পর্যায়ে আদালত বলেন, এই কেস (ডেসটিনির দুই কর্মকর্তার জামিন আবেদন) আজকে হবে না। লোক আসুক, উন্মুক্ত আদালতে লোক আসবে। তবে আদালতের নিয়মকানুন মানতে হবে। আদালত ওই ব্যত্তিকে পেছনে গিয়ে আসনে বসতে বলেন। পরে অন্য মামলার শুনানি চলে। চারটার দিকে আসন ত্যাগ করার আগে আদালত বলেন, ওই ব্যক্তি কোথায়। তখন এজলাসের সামনে গিয়ে ওই ব্যক্তি হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা করেন। আদালত বলেন, যেখানে যাবেন, সেখানকার নিয়ম মেনে চলবেন। মুঠোফোন ফেরত নিয়ে আদালতকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে মোশাররফ বলে সম্বোধন করেন কয়েকজন।
চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডেসটিনি গ্রুপের ২২ জন এবং এ কাজে সহযোগী ২৯ জন মিলিয়ে দুটি মামলায় মোট ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক৷ রাজধানীর কলাবাগান থানায় ২০১২ সালের ৩১ জুলাই এই মামলা দুটি করা হয়৷