ডেসটিনির এমডিসহ পাঁচজনের জামিন বাতিল
অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ পাঁচজনের জামিন বাতিল করে দিয়েছেন আদালত।গতকাল বুধবার ঢাকা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান এই আদেশ দেন।নিম্ন আদালতের দেওয়া জামিনের আদেশ বেআইনি মর্মে দাখিলকৃত এ রিভিশন আবেদন মঞ্জুর করা হয়। এ মামলায় ১৭ আসামির জামিন বাতিল চেয়ে করা আবেদন শুনানির জন্য ২০ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।গত ৬ আগস্ট এই পাঁচ আসামিকে জামিন দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ওই আদেশ বাতিল চেয়ে দুদক ১৩ আগস্ট রিভিশন আবেদন করে। গত ৩০ আগস্ট শুনানি না হওয়ায় আদালত গতকাল শুনানির দিন ধার্য করেছিলেন।অন্য যাঁদের জামিন বাতিল হয়েছে তাঁরা হলেন: সাবেক সেনাপ্রধান ডেসটিনি গ্রুপের সভাপতি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেন, পরিচালক সাঈদ-উর-রহমান ও গোফরানুল হক।গতকাল সকাল সাড়ে ১০টায় জামিন বাতিল চেয়ে করা রিভিশন আবেদনের ওপর শুনানি শুরু হয়। দুদকের বিশেষ কৌঁসুলি মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ৬ আগস্টেও জামিনের আদেশ বাতিল করা হয়েছে। আসামিরা জামিনে নেই। তাই আসামিদের গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই। এ ক্ষেত্রে আদালত থেকে কোনো পরোয়ানার প্রয়োজন হবে না।গত ৫ সেপ্টেম্বর ১৬ আসামি, ৯ সেপ্টেম্বর এক আসামিসহ মোট ১৭ আসামির জামিন মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ওই আদেশের বিরুদ্ধে রিভিশন করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত। গত ৩১ জুলাই দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মামলা দুটি দায়ের করেন।