ডেসটিনির কার্যক্রম স্বাভাবিক রাখার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও গ্রুপের সব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রাখাসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ডেসটিনি উইমেন্স ডিস্ট্রিবিউটর ফোরাম নামের একটি সংগঠন গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ওই কর্মসূচি পালন করে।সংগঠনটি এরপর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে। সেখানে সংগঠনের কয়েকজন কর্মী এক নারী সাংবাদিকের ওপর হামলা চালান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল ১০টার দিকে ডেসটিনি উইমেন্স ডিস্ট্রিবিউটর ফোরামের কয়েক শ কর্মী জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। এ সময় তাঁরা ডেসটিনি গ্রুপের বন্ধ করা সব ব্যাংক হিসাব খুলে দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রাখা, গ্রুপের কর্মকর্তা ও কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি জানান। পরে তাঁরা সড়কে এসে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এতে হাইকোর্ট থেকে পুরানা পল্টনের মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের কয়েকটি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সমাবেশে ডেসটিনি উইমেন্স ডিস্ট্রিবিউটর ফোরামের নেতারা বলেন, ডেসটিনির সঙ্গে তাঁরা ভালো আছেন। ৪৫ লাখ কর্মীকে যেন বিপদগ্রস্ত না করা হয়। পুলিশ তাঁদের বুঝিয়ে বেলা দুইটার পর রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। একই দাবিতে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ডেসটিনি উইমেন্স ডিস্ট্রিবিউটর ফোরামের শ খানেক কর্মী। সেখানে ডেসটিনির দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে সংগঠনের সদস্যসচিব অজন্তা রানীর নেতৃত্বে কয়েকজন কর্মী দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিবেদক শেখ সায়ন্তী শিলার ওপর হামলা চালান। তাঁরা তাঁকে মারধর করেন। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সায়ন্তী।যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সংগঠনটি মানববন্ধন করে। এতে রাস্তা সংকুচিত হলেও বন্ধ হয়নি। মানববন্ধন শেষে তারা চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।