ডেসটিনির গ্রাহকদের মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুধাপ বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনির গ্রাহকেরা বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার দাবিতে গতকাল সোমবার কিশোরগঞ্জে মানববন্ধন করেন। ডেসটিনি গ্রাহক ঐক্য পরিষদের ব্যানারে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।গতকাল দুপুরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেসটিনি গ্রাহক ঐক্য পরিষদের চেয়ারম্যান আল-আমিন, মহাসচিব হাবীবুর রহমানসহ ডেসটিনিতে বিনিয়োগ করে ‘প্রতারিত’ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। আল-আমিন নামের এক গ্রাহক জানান, তাঁদের অনেকে ঘরবাড়ি ও ভিটেমাটি বিক্রি করে ডেসটিনিতে বিনিয়োগ করেছিলেন। সব হারিয়ে তাঁরা এখন নিঃস্ব।প্রধানমন্ত্রীকে পাঠানো স্মারকলিপিতে বলা হয়, দেশের মানুষের দারিদ্র্য ও বেকার সমস্যাকে পুঁজি করে ডেসটিনি বিভিন্ন লোভনীয় স্বপ্ন দেখিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অবৈধভাবে কার্যক্রম চালিয়ে এবং শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে তৈরি করেছে অবৈধ ব্যবসার বিরাট নেটওয়ার্ক।