ডেসটিনির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাৎ ও পাচারসংক্রান্ত দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, অভিযোগ গঠনের বিরুদ্ধে ওই দুজনের করা আপিল সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে করে অভিযোগ গঠনের আদেশ বহাল রইল। সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে মামলাটি। সাক্ষ্যগ্রহণেও আইনগত কোনো বাধা নেই।

অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির এই দুই শীর্ষ কর্মকর্তার করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি নিয়ে ১৭ নভেম্বর আদালত আজ আদেশের দিন ধার্য করেছিলেন। আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান।

ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার করা আবেদন সরাসরি খারিজ করে দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান।

গত ২৪ আগস্ট ডেসটিনির অর্থ আত্মসাৎ ও পাচারসংক্রান্ত দুটি মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি, এমডিসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠনের ওই আদেশ দেন।

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২৩ কর্তাব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ২২ মাস পর ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে।