ডেসটিনির চেয়ারম্যানকে ফের জিজ্ঞাসাবাদ করেছে দুদক
ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমীনকে গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) আবার জিজ্ঞাসাবাদ করেছে।দুদকের বিশেষ অনুসন্ধান বিভাগের একজন তদন্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এর আগে সমবায় অধিদপ্তরের নিরীক্ষা দল ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক বিষয় খতিয়ে দেখে। ওই নিরীক্ষায় অনেক অসংগতি ধরা পড়ে। দুদকে জমা দেওয়া কাগজপত্র ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দেওয়া জবানবন্দির মধ্যেও অনেক গরমিল রয়েছে। তাই ডেসটিনির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেখা দিয়েছে।গতকাল দুপুর সোয়া ১২টার দিকে দুদকের কার্যালয়ে ঢোকার সময় রফিকুল আমীনের সঙ্গে প্রতিষ্ঠানের অর্থ বিভাগের দুজন কর্মকর্তা এবং দুজন পরিবেশক ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে বেলা আড়াইটায় কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান বলেন, মাল্টিপারপাস কো-অপারেটিভের আর্থিক লেনদেনের নথিপত্র দুদকে জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার ট্রি প্ল্যান্টেশন ও ডেসটিনি ২০০০-এর আর্থিক নথিপত্র জমা দিতে বলেছে কমিশন। তিনি অভিযোগ করেন, ‘ডেসটিনির বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল কাজ করছে এবং সংবাদমাধ্যমের কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করছে।’এদিকে রফিকুল আমীনের নথিপত্র ও জবানবন্দি মিলিয়ে দেখতে আজ বৃহস্পতিবার সমবায় অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে কমিশনের কার্যালয়ে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছে দুদক কর্তৃপক্ষ। ব্যাংক হিসাব স্থগিতসংক্রান্ত আদেশ নিয়ে হাইকোর্টের রুলবৈশাখী মিডিয়া লিমিটেড ও দৈনিক ডেসটিনি ছাড়া ডেসটিনি গ্রুপের সব ব্যাংক হিসাবের কার্যক্রম স্থগিতসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে গতকাল রুল জারি করেছেন হাইকোর্ট।বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল এ রুল জারি করেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবসহ বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. ইস্কান্দার মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে দৈনিক ডেসটিনি ও বৈশাখী মিডিয়া লিমিটেড ছাড়া ডেসটিনি গ্রুপের ব্যাংক হিসাবের কার্যক্রম ৩০ দিনের জন্য স্থগিত করা হয়। ১৯ জুন আরেক চিঠিতে ওই স্থগিতাদেশের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো হয়।বাংলাদেশ ব্যাংকের ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমীন গতকাল রিট আবেদনটি করেন। এতে ডেসটিনি গ্রুপের সর্বমোট ৩৭টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে বলে উল্লেখ করা হয়। আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী শ ম রেজাউল করিম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুস সালাম মণ্ডল শুনানিতে অংশ নেন।