ডেসটিনির দুই কর্তার সম্পদের নোটিশের কার্যক্রম চলবে
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সম্পদের বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা স্থগিতই থাকছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আপিলের অনুমতি চেয়ে করা পৃথক আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এতে ডেসটিনির ওই দুই কর্তাকে দেওয়া নোটিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান।
গত জুনে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের সম্পদের বিবরণী দাখিল করতে নোটিশ দেয় দুদক। এর পরিপ্রেক্ষিতে দুজন হিসাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করলে দুদক সাত দিন সময় দেয়, এর মেয়াদ ১৪ জুলাই শেষ হয়।
এ অবস্থায় ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন পৃথক রিট আবেদন করেন, যার ওপর শুনানি নিয়ে ২ আগস্ট হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই নোটিশের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে দুদককে বলা হয়। এই আদেশ স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে, ১১ আগস্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে শুনানির জন্য দিন রাখেন।