ডেসটিনির দুই কর্তার সম্পদের নোটিশের কার্যক্রম চলবে
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে সম্পদের বিবরণী চেয়ে দুদকের দেওয়া নোটিশের কার্যক্রম চলবে। দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান এ তথ্য জানান।
হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্ট এ নোটিশের বিষয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছিলেন। এ আদেশ স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে। ১১ আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে পরবর্তী শুনানির জন্য তারিখ ধার্য করেন। এরই ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির তালিকায় আসে।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন খুরশীদ আলম খান। আর ডেসটিনির দুই কর্তার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিনউদ্দিন। সঙ্গে ছিলেন এ বি এম সিদ্দুকুর রহমান খান।
পরে প্রথম আলোকে খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, আপিল বিভাগ তা স্থগিত করেছিলেন। আজ এই স্থগিতাদেশ চলমান থাকবে জানিয়ে দুদকের আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। এতে এই নোটিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই এবং নোটিশের কার্যক্রম চলবে।
গত জুনে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের সম্পদের বিবরণী দাখিল করতে দুদক নোটিশ দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দুজন হিসাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করলে দুদক ৭ দিন সময় দেয়। এই মেয়াদ ১৪ জুলাই শেষ হয়।
এ অবস্থায় সম্পদ বিবরণী দাখিলের জন্য দেওয়া ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনির ওই দুই কর্তা পৃথক রিট করেন।
এসব আবেদনের শুনানি নিয়ে ২ আগস্ট হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই নোটিশের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার জন্য দুদকে বলা হয়।