ডেসটিনির দুই কর্মকর্তার আবেদনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিংয়ের দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এ বিষয়ে ২৪ নভেম্বর আদেশের দিন রেখেছেন হাইকোর্ট।
পৃথক আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।
আদালতে ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, সঙ্গে ছিলেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ওই দুই মামলায় দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক আদালত যে আদেশ দিয়েছেন, এর বিরুদ্ধে তাঁরা ফৌজদারি আপিল করেছেন। আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে হাইকোর্ট ২৪ নভেম্বর আদেশের জন্য দিন রেখেছেন।
আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান বলেন, এতে মামলা দুটির কার্যক্রম স্থগিতের আরজি রয়েছে। অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে।