ডেসটিনির দুটি মামলায় ৫৩জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনির অর্থ আত্মসাৎ ও পাচার-সংক্রান্ত দুটি মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠনের এই আদেশ দেন।

এ দুটি মামলার বিষয়ে হাইকোর্ট আজ ২৪ আগস্টের মধ্যে বিচারিক আদালতে এ বিষয়ে আদেশ দিয়ে ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে বিশেষ জজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, এ দুটি মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, সভাপতি হারুন-অর-রশীদসহ ৫৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত মামলাটি ঢাকা মহানগরের বিশেষ জজ আদালত-৫-এ বদলির আদেশ দিয়েছেন। আগামী ২৯ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
এর আগে ডেসটিনির অর্থ আত্মসাৎ ও পাচার-সংক্রান্ত দুটি মামলা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বিচারাধীন থাকার সময় অভিযোগ গঠনের শুনানির জন্য দীর্ঘদিন ধরে তারিখ পড়ছিল। এ ব্যাপারে বিচারক কামরুল হোসেন মোল্লার কাছে লিখিত জবাব চান হাইকোর্ট। ১১ আগস্ট বিচারক হাইকোর্টে লিখিত জবাব দেন। হাইকোর্ট ওই জবাবে সন্তুষ্ট না হওয়ায় ১৭ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২৪ আগস্টের মধ্যে বিচারিক আদালতে এ বিষয়ে আদেশ দিয়ে ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।

এদিকে ডেসটিনির অভিযুক্ত ৫৩ জনের মধ্যে আজ আদালতে আটজন উপস্থিত ছিলেন। কারাগার থেকে ডেসটিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে হাজির করা হয়। আর জামিনে থাকা হারুন-অর-রশীদও উপস্থিত ছিলেন।
অভিযোগ গঠনের আগে দুদকের কৌঁসুলি উপস্থিত অভিযুক্ত ব্যক্তিদের অভিযোগ পড়ে শোনান। অভিযুক্ত ব্যক্তিরা সে সময় নিজেদের নির্দোষ দাবি করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২৩ কর্তাব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ২২ মাস পর ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে।