ডেসটিনির দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুস্তর বিপণন প্রতিষ্ঠান (এমএলএম) ডেসটিনির বিরুদ্ধে করা অর্থ পাচার-সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি গতকাল বুধবার শুরু হয়েছে। শুনানিতে আসামি রফিকুল আমীনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তাঁর আইনজীবীরা।
গতকাল শুনানি শেষ না হওয়ায় ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আগামী ৮ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। এ মামলায় জামিনে থাকা ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ গতকাল আদালতে হাজির ছিলেন। এ মামলায় কারাগারে আটক ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও পরিচালক দিদারুল আলমকে আদালতে হাজির করা হয়।
গ্রাহকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় করা এই মামলায় ১২ জনকে আসামি করা হয়। দুদক তদন্ত শেষে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।