ডেসটিনির নামে নেওয়া টাকা ফেরত চাওয়ায় সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুধাপ বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনির নামে নেওয়া টাকা ফেরত চাওয়া নিয়ে গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আবু তাহের ওরফে তারু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।আবু তাহের কসবার পশ্চিম ইউনিয়নের আকছিনা কোল্লাবাড়ি গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। খুনের ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ, এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রামের একটি বিয়ে নিয়ে কোল্লাবাড়ি গ্রামের বাসিন্দা আবু তাহেরের পক্ষের লোকজনের সঙ্গে প্রতিবেশী রঙ্গু মিয়ার লোকজনের বিরোধ দেখা দেয়। আবার রঙ্গু মিয়া পক্ষের নাবালক মিয়ার ছেলে ডেসটিনির কর্মী আরিফ মিয়া (২২) আবু তাহের পক্ষের মোশারফ হোসেন, জেসমিন আক্তার, পপি আক্তার, রাহেলা বেগম ও স্বপন মিয়ার কাছ থেকে ডেসটিনির বৃক্ষরোপণ কর্মসূচির নামে ৪৫ হাজার টাকা নেন। দেশব্যাপী ডেসটিনির কার্যক্রম অব্যাহত থাকবে কি না, তা নিয়ে বর্তমানে শঙ্কা জাগায় বৃহস্পতিবার বিকেলে ওই পাঁচ গ্রাহক তাঁদের টাকা নেওয়ার বিষয়ে লিখিত স্বীকারোক্তি দেওয়ার জন্য আরিফকে চাপ দেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে রঙ্গু মিয়ার লোকজনের সঙ্গে আবু তাহেরের লোকজনের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষ দা, লাঠি, টেঁটা ও বল্লম ব্যবহার করে। দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে আবু তাহের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে আবু তাহেরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।গুরুতর আহত আক্তার হোসেন, মোশারফ হোসেন, রঙ্গু মিয়া, হাসেম মিয়া, ইকবাল হোসেনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।আবু তাহেরের ভাতিজা আহত আক্তার হোসেন প্রথম আলোকে জানান, সংঘর্ষের সময় তাঁদের বাড়িঘরে ভাঙচুরও করা হয়েছে। আবু তাহেরের ছেলে আবদুল হাই জানান, উভয় পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। আর ডেসটিনির নামে নেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।অপর পক্ষের আরিফ মিয়াসহ অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ডেসটিনির অর্থ লেনদেনের বিষয়ে ডেসটিনির স্থানীয় কোনো শীর্ষ কর্মকর্তাও মন্তব্য করতে চাননি। তবে ডেসটিনির জ্যেষ্ঠ সাইকেল হোল্ডার রুহুল আমীন বলেন, ‘আরিফ ডেসটিনির কসবার কোনো টিমের সঙ্গে জড়িত নন। তিনি কুমিল্লার একটি টিমের হয়ে কাজ করেন।’ এলাকায় ডেসটিনির টাকাপয়সা লেনদেনসংক্রান্ত কোনো সমস্যা নেই বলেও দাবি করেন রুহুল।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার প্রথম আলোকে বলেন, উভয় পক্ষের মধ্যে পূর্ববিরোধটি ছিল গ্রামের এক মেয়েকে বিয়ে করা নিয়ে। আর ডেসটিনির টাকা নিয়েও বিরোধ রয়েছে। এসব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন আবু তাহের। তাঁর ছেলে আবদুল হাই বাদী হয়ে প্রতিপক্ষের রঙ্গু মিয়ার ছেলে আবুল হাসেমকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে থানায় শুক্রবার দুপুরে একটি হত্যা মামলা করেছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।