ডেসটিনির নয় কর্মকর্তার ৭১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (ডিএমসিএসএল) নয়জন কর্মকর্তার ৭১টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতের বিচারক মো. জহুরুল হক এই আদেশ দেন। এর আগে ২৭ নভেম্বর ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, তাঁর স্ত্রী ফারাহ দীবা আমিন, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ২২ কর্মকর্তার স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল আদালত যাঁদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন তাঁরা হলেন: ডিএমসিএসএলের সাবেক সাধারণ সম্পাদক আজাদ রহমান, সাবেক কোষাধ্যক্ষ জাকির হোসেন ও আকবর হোসেন, সাবেক সদস্য শিরিন আকতার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুল ইসলাম খান ও আবুল কালাম আজাদ। দুদকের আবেদনে বলা হয়, আসামিরা বিভিন্ন ব্যাংকের ৭১টি হিসাবে আত্মসাৎ করা অর্থের মোট এক কোটি ৩২ লাখ টাকা জমা রেখেছেন। তা জব্দ করা প্রয়োজন।