ডেসটিনির এক পরিচালক ও সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের ৫ জনের কারাদণ্ড

সম্পদের বিবরণী জমা না দেওয়ার মামলায় ডেসটিনির পরিচালক মোহাম্মদ মেজবাহ উদ্দিনকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক শহীদুল ইসলাম এ রায় দেন।
মামলার শুরু থেকে আসামি মেজবাহ উদ্দিন পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, আসামি মেজবাহ উদ্দিন নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। ২০১৪ সালে ২৪ আগস্ট সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য দুদকের পক্ষে তাঁকে নোটিশ দেওয়া হয়। কিন্তু আসামি মেজবাহ উদ্দিন দুদকের কাছে কোনো সম্পদের হিসাব দেননি। পরে ২০১৬ সালে মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়। দুদক অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামির তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
মাহমুদ হোসেন জাহাঙ্গীর আরও জানান, দুদকের সহকারী পরিচালক মোজাম্মেল হোসেন বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন। দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪-এর ২৬ (২) ধারায় মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়।
সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের ৫ কর্মকর্তার কারাদণ্ড:
ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।
সাত বছর কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন ওরিয়েন্টাল ব্যাংকের সহসভাপতি শাহ মো. হারুন, উপব্যবস্থাপনা পরিচালক ইমামুল হক। একই সঙ্গে এই দুজনকে ২৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আর পাঁচ বছর কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন ওরিয়েন্টাল ব্যাংকের কর্মকর্তা ফজলুর রহমান, মাহমুদ হোসেন ও কামরুল ইসলাম। এই তিনজনকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আসামিদের মধ্যে ইমামুল হক রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।
পরে দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে ব্যাংকের ৯৫ লাখ টাকা আত্মসাতের দায়ে ওরিয়েন্টাল ব্যাংকের পাঁচ কর্মকর্তার সাজা দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, আসামিদের বিরুদ্ধে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর মতিঝিল থানায় মামলা করে দুদক।