ডেসটিনির পরিচালক ফারাহ দিবাকে দুদকের নোটিশ
বহুস্তর বিপণন কোম্পানি (এমএলএম) ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী ও ডেসটিনি গ্রুপের পরিচালক ফারাহ দিবার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের উপপরিচালক শেখ ফানাফিল্যাহর স্বাক্ষরে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে দুদক সচিবের কাছে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, প্রতারণার মাধ্যমে চার হাজার কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীনসহ ৫১ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। অভিযোগপত্র দাখিলের পর মামলা দুটি এখন বিচারের অপেক্ষায়। রফিকুল আমীন বর্তমানে কারাগারে।
মামলার তদন্তের সময় ফারাহ দিবার নামে বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া যায় বলে সূত্রটি জানিয়েছে। পরে তাঁর বিরুদ্ধে আলাদা অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয় কমিশন।