ডেসটিনির পরিচালকদের জিজ্ঞাসাবাদ করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের প্রধান রফিকুল আমীনসহ অন্য সব পরিচালককে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডেসটিনি ও এর অঙ্গপ্রতিষ্ঠানের প্রায় ১০০ কোটি টাকা প্রতিষ্ঠানটির সভাপতি-চেয়ারম্যান, এমডিসহ ১২ পরিচালকের নামে অবৈধভাবে স্থানান্তর করায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের মতে, এর মাধ্যমে অর্থের অবৈধ ব্যবহার বা মানি লন্ডারিং করা হয়েছে।এদিকে, ডেসটিনি ২০০০ লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট (সিআইসি) সব ব্যাংককে চিঠি দিয়েছে।দুদকের তদন্ত: গতকাল দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, ডেসটিনির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে যেসব তথ্য এসেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বক্তব্য নিতেই জিজ্ঞাসাবাদ করা হবে। এটা হবে তাঁদের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ।দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডেসটিনি ২০০০ লিমিটেডের এমএলএম (বহুস্তর বিপণন) পদ্ধতিতে গ্রাহকদের কাছ থেকে ২০০০ সাল থেকে এ পর্যন্ত তিন হাজার ৫৯৫ কোটি ৬৬ লাখ টাকা সংগ্রহ এবং বিভিন্নভাবে তিন হাজার ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা তুলে নিয়েছে। ট্রি প্ল্যান্টেশনের নামে ৯২১ কোটি তিন লাখ টাকা সংগ্রহ এবং ৯০০ কোটি টাকা নিজেরা তুলে নিয়েছেন। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে জনগণের কাছ থেকে এক হাজার ৪৪৫ কোটি ১৩ লাখ টাকা সংগ্রহ করে বিভিন্ন উপায়ে এক হাজার ৪১৯ কোটি ৫৭ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এভাবে সর্বমোট পাঁচ হাজার ৯৬১ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করে এর মধ্যে থেকে প্রায় পাঁচ হাজার ৮৯৯ কোটি টাকা সরিয়ে নিয়েছেন ডেসটিনি গ্রুপের পরিচালকেরা। গত মঙ্গলবার এই তদন্ত প্রতিবেদন তৈরি করে দুদক।ব্যাংক হিসাব জব্দ: ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করার আগে ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল আমীনসহ চারজন প্রভাবশালী শেয়ারধারীর ব্যাংক হিসাব জব্দ করেছিল এনবিআর। ফলে গতকালের এই আদেশের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একক ও যৌথ নামে পরিচালিত সব মেয়াদি স্থায়ী আমানত (এফডিআর), সঞ্চয়পত্র, ডিপিএস হিসাব অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত থাকবে। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১১৭(৪) ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সিআইসি এই চিঠি দিয়েছে।উল্লেখ্য, ডেসটিনি গ্রুপের এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩২ কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর।ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠান ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের রাজস্বসংক্রান্ত অনিয়ম তদন্ত করার জন্য এনবিআরের সদস্য (নিরীক্ষা, পরিদর্শন ও তদন্ত) মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি কাজ করছে। এ পর্যন্ত এই ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হকসহ ১৪ জন পরিচালক ও শেয়ারধারীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ ছাড়া ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন নামের প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। আর ১৬ জন পরিচালকের ব্যাংক হিসাব তল্লাশি করা হচ্ছে।