ডেসটিনির পরিচালকের বাড়ির দরজায় দুদকের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনির পরিচালক মো. সাজ্জাদ হোসেনকে বাসায় না পেয়ে তাঁর বাড়ির দরজায় সম্পদ বিবরণী দেওয়ার জন্য নোটিশ টাঙিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার তাঁর বাসায় নোটিশ টাঙিয়ে দিয়ে আসেন।
নোটিশে সাজ্জাদ হোসেনকে সাত কার্যদিবসের মধ্যে দুদকে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে। দুদক সূত্র জানায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে দুদকের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক। সম্প্রতি দুদক তাঁর সম্পদ যাচাইয়ের সিদ্ধান্ত নেয়।
মোজাহার আলী সরদার সম্পদের নোটিশ নিয়ে গতকাল সাজ্জাদের ৩/২ পূর্ব রামপুরার বাসায় যান। এ সময় তাঁকে বাসায় না পেয়ে এবং বাড়ির অন্য সদস্যরা নোটিশ রাখতে অস্বীকৃতি জানানোয় দরজায় নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।