ডেসটিনির প্রেসিডেন্ট হারুনকে আজ দুদক জিজ্ঞাসাবাদ করবে
তিন হাজার ২৮৫ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে পৃথক দুটি মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন-অর-রশিদকে আজ রোববার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র প্রথম আলোকে জানায়, ওই দুই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ছাড়াও তদন্ত দলের সঙ্গে সম্পৃক্ত জ্যেষ্ঠ উপপরিচালক বেনজির আহমেদ, মাহমুদ হাসান, নুরুল হক ও আখতার হামিদ ভূঁইয়া যৌথভাবে হারুনকে জিজ্ঞাসাবাদ করবেন। ডেসটিনি ট্রি-প্ল্যান্টেশন ও ডেসটিনি মাল্টিপারপাস সোসাইটির প্রায় সোয়া তিন হাজার কোটি টাকা মানি লন্ডারিং ও আত্মসাতের ঘটনায় গত ৩১ জুলাই কলাবাগান থানায় দুটি মামলা দায়ের করা হয়।দুদক সূত্র আরও জানায়, জেনারেল হারুনের বক্তব্য নেওয়া শেষে তাঁকে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও পরিচালক দিদারুলের মুখোমুখি করা হবে। মূলত, আত্মসাৎ করা অর্থের খোঁজ পেতেই জেনারেল হারুনের বক্তব্য প্রয়োজন।এর আগে গত ১১ অক্টোবর আদালতের নির্দেশে জেনারেল হারুন, রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মাদ হোসাইন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলে যাওয়ার পর উচ্চ আদালত থেকে বিশেষ শর্তে জামিন পান জেনারেল হারুন-অর-রশিদ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ডেসটিনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। তদন্ত কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যখন যেখানে ডাকবেন তাঁদের ডাকে সাড়া দিতে হবে।