ডেসটিনির প্রেসিডেন্টের স্বাস্থ্যের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট
সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হারুন-অর-রশিদের স্বাস্থ্যসংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আগামীকাল বুধবারের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।এদিকে ১১ অক্টোবর জামিন আবেদন খারিজ করে দেওয়া আদেশের বিরুদ্ধে হারুন-অর-রশিদের করা আপিলের ওপর শুনানি গ্রহণ শুরু করেছেন একই বেঞ্চ। আজ মঙ্গলবারও শুনানি হওয়ার কথা।পৃথক দুই মামলায় হারুন-অর-রশিদের জামিন আবেদন খারিজ করে দেন নিম্ন আদালত। ওই আদেশের বিরুদ্ধে গত রোববার তিনি হাইকোর্টে আপিল করেন। আদালতে হারুন-অর-রশিদের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন।চিকিৎসকদের দেওয়া দুটি স্বাস্থ্য প্রতিবেদন তুলে ধরে জামিনের আরজি জানিয়ে মতিন খসরু বলেন, হারুন-অর-রশিদ অসুস্থ।তবে রাষ্ট্রপক্ষের মুরাদ রেজা বলেন, কোম্পানির প্রায় ১৯ কোটি ৮৩ লাখ টাকা হারুন-অর-রশিদের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। সেখান থেকে প্রায় ১৩ কোটি ৯৮ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এই টাকা কোথায় গেল? তাঁর অ্যাকাউন্টে টাকা জমা বা তুলে নেওয়া দুদক আইন অনুযায়ী মানি লন্ডারিংয়ের অপরাধ।