ডেসটিনির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গভর্নরকে অর্থ মন্ত্রণালয়ের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের পরিচালকেরা কোথায়, কত টাকা পাচার করেছেন—তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে গতকাল বুধবার এ ব্যাপারে লেখা চিঠিতে তদন্ত করে ডেসটিনি গ্রুপের পরিচালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।ডেসটিনি ২০০০ লিমিটেড ও ডেসটিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের অবৈধ কার্যক্রম তদন্তের জন্য বাণিজ্য মন্ত্রণালয় গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনে যেসব অনিয়ম চিহ্নিত হয়েছে, তার ভিত্তিতে এ চিঠি পাঠানো হয় বলে এতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে চিহ্নিত হওয়া অনিয়ম-দুর্নীতির পরিপ্রেক্ষিতে কিছু সুপারিশের কথা গভর্নরকে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। অনিয়মগুলোর মধ্যে অন্যতম হিসেবে অর্থ মন্ত্রণালয় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কথা বলেছে। মানি লন্ডারিংয়ের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় গত ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের শীর্ষস্থানীয় ২২ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমীন, পরিচালক দিদারুল আলম এবং ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এখন কারাগারে। গ্রুপের প্রেসিডেন্ট হারুন-অর-রশীদ জামিনে আছেন। এ চারজন বাদে অন্য ১৮ জন পলাতক। বাংলাদেশ ব্যাংক ডেসটিনির বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর এযাবৎ তিনটি তদন্ত করে সেগুলোর প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে দিয়েছে। এগুলোতে বলা হয়েছে, প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পাঁচ হাজার কোটির বেশি পরিমাণ টাকা সংগ্রহ করেছে ডেসটিনি গ্রুপ, যার প্রায় পুরোটাই তুলে নিয়েছেন ডেসটিনির কর্তাব্যক্তিরা। প্রতিবেদনগুলোতে ডেসটিনির বহুমাত্রিক দুর্নীতি এবং অর্থ পাচারের ঘটনাও উঠে এসেছে।