ডেসটিনির বিরুদ্ধে মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে করা দুটি মামলার বিচারকাজ গতকাল বুধবার শুরু হয়েছে। সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ৫৩ জন এ দুই মামলার আসামি।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা গতকাল এ দুই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলা করার চার বছর পর এই বিচারকাজ শুরু হলো। আদালত বিচার কার্যক্রম নিষ্পত্তি করতে মামলা দুটির নথি বিশেষ জজ আদালত-৫-এ পাঠানোর আদেশ দেন। আগামী ২৭ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। গতকাল আসামিপক্ষের আইনজীবীরা নতুন একটি আবেদন নিয়ে শুনানি করতে চাইলে আদালত বলেন, এ দুই মামলায় ১৭ আগস্ট হাইকোর্ট সংশ্লিষ্ট আদালতকে ২৪ আগস্ট (গতকাল) অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। অভিযোগ গঠনের বিষয়ে শুনানিও শেষ হয়েছে। তাই এ মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করার সুযোগ নেই।
অভিযোগ গঠনের আগে ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, পরিচালক দিদারুল আলম, সাইদুল ইসলাম, জিয়াউল হক মোল্লা ও জেসমিন আকতারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা হারুন-অর-রশিদ আদালতে হাজির ছিলেন। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের করা আবেদন আদালত নাকচ করে অভিযোগ গঠন করেন। এ দুই মামলার ৪৬ জন আসামি পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর কলাবাগান থানায় ২০১২ সালের ৩১ জুলাই মামলা দুটি করে৷ ২০১৪ সালের ৪ মে একটি মামলায় ১৯ জনের এবং অপর মামলায় ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। রফিকুল আমীনসহ ১২ জনের নাম দুটি মামলায়ই রয়েছে। সে হিসাবে দুই মামলায় মোট আসামি ৫৩ জন।
দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯-এর ৪(২) এবং ২০১২-এর ৪-এর (২ ও ৩) ধারায় দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। তবে শাস্তির মেয়াদ চার বছরের কম হবে না। এ ছাড়া আসামির সাজার পাশাপাশি তাঁর পাচার করা অর্থ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী প্রথম আলোকে বলেন, দুটি মামলার অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
দুদকের আরেক আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষ করে অভিযোগ গঠন করা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক সাঈদ-উর-রহমান, গোফরানুল হক, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, ফারাহ দীবা, জমসেদ আরা চৌধুরী, নেপাল চন্দ্র বিশ্বাস, শেখ তৈয়বুর রহমান, জাকির হোসেন, আজাদ রহমান, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, আবুল কালাম আজাদ এবং গ্রুপটির কোষাধ্যক্ষ আকরাম হোসেন।
বিতর্কিত বহুস্তর বিপণন পদ্ধতিতে (এমএলএম) ২০০০ সাল থেকে ব্যবসা করে আসছিল ডেসটিনি।
একটি মামলার অভিযোগপত্রে বলা হয়, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি (ডিএমসিএস) এবং ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের (ডিটিপিএল) পরিচালকেরা এমএলএমের নামে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে বিভিন্ন প্যাকেজের শেয়ার দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। আসামিরা পরস্পর যোগসাজশে ডিএমসিএসের পর্ষদ সভায় অনুমোদন ছাড়াই সদস্যদের অগোচরে এবং তাঁদের প্রলোভন দেখিয়ে ওই সব অর্থ ৩২টি অলাভজনক প্রতিষ্ঠানে সরিয়েছেন। বিনিয়োগের নামে ওই অর্থ নিজেদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন, যা আইনের পরিপন্থী।
গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থের পরিমাণ চার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেলেও ডেসটিনির মোট সম্পদের পরিমাণ মাত্র ৪০০ কোটি টাকা৷
অপর মামলার তদন্ত অনুযায়ী, আইন ও বিধি লঙ্ঘন করে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা গাছ বিক্রির নামে ২ হাজার ২৫৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে ঋণপত্র (এলসি) হিসাবে ৫৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৪০ টাকা এবং সরাসরি পাচার করেছে আরও ২ লাখ ৬ হাজার মার্কিন ডলার।