ডেসটিনির ব্যাংক হিসাব দাখিলে দুদককে নির্দেশ
ডেসটিনি গ্রুপের জব্দ বা সংযুক্ত করা বিভিন্ন ব্যাংক হিসাবের বিবরণী দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়ে ৩০ জুলাই শুনানির পরবর্তী দিন রেখেছেন সর্বোচ্চ আদালত। গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আপিল বিভাগের দেওয়া আদেশ সংশোধন চেয়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের করা আবেদনের শুনানির একপর্যায়ে এ আদেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, মানি লন্ডারিংয়ের দুই মামলায় গত বছরের ১৩ নভেম্বর সর্বোচ্চ আদালত শর্তসাপেক্ষে ওই শীর্ষ কর্তার জামিন মঞ্জুর করেছিলেন। শর্ত অনুসারে, বিক্রির উপযোগী ডেসটিনির ৩৫ লাখ গাছ ছয় সপ্তাহের মধ্যে বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেবেন। এর পরিবর্তে নগদ আড়াই হাজার কোটি টাকা জমা দেওয়ার পর তাঁরা (দুই বিবাদী) জামিনে মুক্তি পাবেন। এ আদেশ পরে সংশোধন চেয়ে ওই দুই কর্তা আবেদন করেন। এরপর ১০ জুলাই আবেদন শুনানির জন্য ওঠে। সেদিন আপিল বিভাগ কোন ব্যাংকে ডেসটিনির কত টাকা আছে, সে হিসাব বিবরণী আবেদনকারীদের আইনজীবীকে দাখিল করতে বলেন এবং গতকাল পর্যন্ত বিষয়টি মুলতবি রাখেন।
আদালতে ডেসটিনির ওই দুই কর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
শুরুতে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ বলেন, স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল। আদালত বলেন, কী নিয়ে? জবাবে রোকন উদ্দিন বলেন, ডেসটিনি। আদালত বলেন, এটা নিয়ে আপনি এখনো আছেন? কিছু অর্থ জমা দেবেন তো। রোকন উদ্দিন বলেন, বের না হলে দেবে কীভাবে? বাইরে আসার সুযোগ দিয়ে শিকলের মধ্যে রেখে আদায় করতে হবে।
প্রধান বিচারপতি বলেন, ‘যথাযথ তালিকা দেন, একটি অ্যামাউন্ট ডিপোজিট করুন, আমরা দেখব।’ রোকন উদ্দিন মাহমুদ বলেন, ব্যাংক হিসাব দাখিলের জন্য দুদককে নির্দেশনা দেন, কেননা এগুলো জব্দ করে রাখা হয়েছে। পরে আদালত আদেশ দেন।