মানি লন্ডারিংয়ের দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে ২৪ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট।
পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।
আদালতে দুই শীর্ষ কর্মকর্তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, সঙ্গে ছিলেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ওই দুই মামলায় দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক আদালত যে আদেশ দিয়েছেন, এর বিরুদ্ধে তাঁরা ফৌজদারি আপিল করেছেন। আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে হাইকোর্ট ২৪ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন।
আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান বলেন, এতে মামলা দুটির কার্যক্রম স্থগিতের আরজি রয়েছে। অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে।
ডেসটিনির অর্থ আত্মসাৎ ও পাচারসংক্রান্ত দুটি মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে ২৪ আগস্ট অভিযোগ গঠন করেন বিচারিক আদালত।
২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২৩ কর্তাব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ২২ মাস পর ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে।