ডেসটিনির সম্পদ পুলিশ খাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুস্তর বিপণন কোম্পানি ডেসটিনির কোনো সম্পত্তি পুলিশ ভোগ করছে না। ডেসটিনির যে গাড়ি পুলিশ ব্যবহার করছে, তা করা হচ্ছে আদালতের নির্দেশেই।
গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ দাবি জানান পুলিশ কমিশনারের মুখপাত্র ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, দায়িত্বের বাইরে গিয়ে পুলিশ কিছুই করছে না। এ সময় গোয়েন্দা পুলিশের আরেক যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম, তিন উপকমিশনার কৃষ্ণপদ রায়, জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ও মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
‘ডেসটিনির সম্পত্তি পুলিশ খাচ্ছে!’ শিরোনামে ৭ জুলাই প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের পরিপ্রেক্ষিতেই পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হয়। তবে খবর প্রকাশের পর পুলিশের পক্ষ থেকে প্রথম আলোতে কোনো প্রতিবাদ পাঠানো হয়নি। গতকালের ব্রিফিংও ডাকা হয় তড়িঘড়ি করে। মাত্র ৩০ মিনিট আগে খুদে বার্তা পাঠিয়ে ব্রিফিংয়ের কথা জানানো হয়। যে পত্রিকায় খবর ছাপা হয়েছে সেখানে প্রতিবাদ না জানিয়ে কেন ব্রিফিং করা হচ্ছে—জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ‘আপনারা যাতে খোঁজখবর করে প্রকৃত নিউজটি করতে পারেন, সে কারণে সবাইকে জানাতেই এই ব্রিফিং করা হচ্ছে।’
উপকমিশনার বলেন, প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ডেসটিনির সম্পত্তি পুলিশ খাচ্ছে। খাওয়ার মতো একটি স্থূল শব্দ এ খবরের শিরোনামে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রতিবেদনের কোথাও খাওয়ার কথাটি নেই। তিনি বলেন, ডেসটিনির সম্পত্তি দেখাশোনার দায়িত্ব পুলিশকে দিয়েছেন আদালত। পুলিশ চেয়ে দায়িত্ব নেয়নি।
৫০টি গাড়ির ব্যবহার সম্পর্কে যুগ্ম কমিশনার বলেন, পুলিশ ৫০টি গাড়ি ব্যবহার করছে এ তথ্য সঠিক নয়। পুলিশ কিছু গাড়ি ব্যবহার করছে। আদালতের নির্দেশে পুলিশ ২৭টি গাড়ি হেফাজতে নেয়। এর মধ্যে তিনটি গাড়ি আবেদনকারীকে ফেরত দেওয়া হয়েছে। পুলিশের পরিবহন বিভাগের আওতায় ২৪টি গাড়ি আছে। এর ২০টি গাড়ি পুলিশ অপারেশনাল কাজে ব্যবহার করছে। বাকি চারটি গাড়ির দুটি মুগদা ও দুটি উত্তরা পূর্ব থানার হেফাজতে আছে। তিনি বলেন, গাড়িগুলো সচল রাখার স্বার্থে, জনস্বার্থে পুলিশ ব্যবহার করছে। এগুলো সময়মতো রক্ষণাবেক্ষণও করা হচ্ছে।
মনিরুল ইসলাম বলেন, খবরে বলা হয়েছে, ডেসটিনির তিনটি সিনেমা হল আছে, কিন্তু প্রকৃত তথ্য হলো, হল আছে দুটি। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে এ হলের দায়িত্ব নেওয়ার পর একটি যৌথ সঞ্চয়ী হিসাব খোলা হয়। সেই হিসাবে সব অর্থ জমা রয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো অর্থ খরচ করা হয়নি। ৭ জুলাই পর্যন্ত ছন্দ সিনেমা হলের হিসাবে ২৮ লাখ ৪৭ হাজার টাকা এবং আনন্দ সিনেমার হিসাবে তিন লাখ ১০ হাজার টাকা জমা আছে। সিনেমা হলের আয় থেকে ৪৪ জন কর্মচারীর বেতন ছাড়াও বিভিন্ন ধরনের খরচ মেটানো হয়।
উপকমিশনার বলেন, ডেসটিনির মোট আটটি ফ্ল্যাট আছে লেকসিটি কনকর্ড আবাসিক এলাকায়। এসব ভাড়া দেওয়া হয়েছে পুলিশের দায়িত্ব নেওয়ার আগে। এর মধ্যে সাতটি ফ্ল্যাটের ভাড়া পাঁচ হাজার ৫০০ টাকা করে এবং একটির ভাড়া ১০ হাজার ৫০০ টাকা। পুলিশের দায়িত্ব নেওয়ার আগে যিনি ভাড়া তুলতেন, বর্তমানে তিনিই ভাড়া তোলেন। আইনি জটিলতার কারণে এসব সম্পত্তি এখনো পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারেনি।
উপকমিশনার বলেন, পুলিশের কাজ আইন দ্বারা নিয়ন্ত্রিত। এ ক্ষেত্রে পুলিশের আইনের বাইরে কিছুই করেনি। কিন্তু এ ধরনের খবর লিখে মানুষের মনে নেতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: ডেসটিনি গ্রুপের গাড়ি রয়েছে ৭৭টি। এর মধ্যে ডেসটিনি ২০০০-এর ২৫টি, ডেসটিনি ট্রি প্ল্যানটেশনের আটটি, ডেসটিনি মিডিয়া অ্যান্ড পাবলিকেশনসের সাতটি, ডেসটিনি ডেভেলপারসের তিনটি, ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের তিনটি, এমডি রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দীবার তিনটি, পরিচালক জামসেদ আরা চৌধুরীর একটি এবং ডেসটিনি এনভায়রনমেন্ট সেভিংস এনার্জি ও ডেসটিনি মেডিকেল কলেজের নামে রয়েছে দুটি গাড়ি। এ ছাড়া বৈশাখী টিভির ২১টি ও দৈনিক ডেসটিনির নামে রয়েছে চারটি গাড়ি, অর্থাৎ এই ২৫টি গাড়ি জব্দতালিকার বাইরে। প্রতিটি গাড়ির নম্বর এবং এদের অনেকগুলোর ব্র্যান্ড নম্বরও প্রথম আলোর কাছে রয়েছে। ২৭টি গাড়ি হেফাজতে নিলেও বাকি গাড়িগুলোর হদিস জানায়নি পুলিশ।
ঢাকার আনন্দ ও ছন্দ নামে দুই সিনেমা হল থেকে আয়ের কথা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর রাজশাহীর বর্ণালী সিনেমা হলের মাঠে মেলা অনুষ্ঠানের মাধ্যমে আয়ের কথা বলা হয়েছে। এই সিনেমা হল এখন নেই। আইনি জটিলতায় নিয়ন্ত্রণে নিতে না পারার কথা বললেও লেকসিটি কনকর্ডের ফ্ল্যাটগুলো সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, প্রতিটির দরজার সামনেই কালো জমিনে সাদা অক্ষরে লেখা সাইনবোর্ড রয়েছে। যাতে বলা রয়েছে, এই সম্পত্তির রিসিভার ডিএমপি।