ডেসটিনির সম্পদ বেদখল, মামলার বিচার শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আদালতের আদেশের পর তিন বছর পার হলেও বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনির অধিকাংশ গাড়ি এবং ফ্ল্যাট ও জমির উল্লেখযোগ্য অংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। আবার নিজেদের তত্ত্বাবধানে থাকা বাকি সম্পদের আয়-ব্যয়ের হিসাবও আদালতে জমা দেয়নি পুলিশ। অবশ্য পুলিশের দাবি, বেদখল সম্পদ উদ্ধার-প্রক্রিয়া চলছে।
ডেসটিনি এমএলএম পদ্ধতিতে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করে। পাশাপাশি ডেসটিনি কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমেও মানুষের কাছ থেকে টাকা তোলা হয়। এই বিপুল অর্থের ৪ হাজার ১১৯ কোটি টাকা তারা আত্মসাৎ ও পাচার করেছে বলে অভিযোগ এনে ২০১২ সালের ৩১ জুলাই দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার সঙ্গে ডেসটিনির ৪৫ লাখ গ্রাহকের অর্থ ফেরত পাওয়ার বিষয়টি যুক্ত।
ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ এনে ২০১৪ সালের মে মাসে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। গত বছরের ১১ জুন আদালত অভিযোগ আমলে নেন। আসামিদের মধ্যে সাতজন কারাগারে আছেন।
দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী মীর আহমেদ আলী বলেন, ‘আমাদের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষ বারবার সময় নেওয়ায় বিচার শুরু হয়নি। আশা করি, শিগগির বিচার শুরু হবে।’
সম্পদ জব্দ ও রক্ষণাবেক্ষণ: ঢাকার মহানগর দায়রা জজ আদালত ২০১২ সালের ২৭ নভেম্বর ডেসটিনির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়ে পুলিশকে এর তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। সে অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার (এসপি) রাজধানীর বাইরে ডেসটিনির সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন।
আদালতে পুলিশের জমা দেওয়া প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্যানুসারে, এমএলএম কোম্পানিটির ১১৬টি গাড়ির ৮১টিই এখনো জব্দ করতে পারেনি পুলিশ। ৫৮টি দামি ফ্ল্যাটের মধ্যে ১৬টি বেদখল। ১৯টি জমির নয়টি এবং ১৪টি স্থাপনাসহ জমির তিনটি দখলে নিতে পারেনি পুলিশ। পুলিশের জব্দ করা গাড়ি, বাড়ি ও জমির মালিকানা দাবি করে আদালতে গিয়ে আটটি গাড়ি জিম্মায় নিয়েছেন কয়েকজন ব্যক্তি। জমির মালিকানা নির্ধারণের কয়েকটি আবেদনও বিচারাধীন আছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) ডিএমপি কমিশনারের পক্ষে ডেসটিনির সম্পদ দেখভাল করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, ডেসটিনির ৮১টি গাড়ি দখলে নেওয়া সম্ভব হয়নি। কয়েকটি জমি ও ফ্ল্যাট বেদখলে আছে। পুলিশের তত্ত্বাবধানে থাকা সম্পদের হিসাব আদালতে জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আনন্দ ও ছন্দ সিনেমা হলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে। অন্যগুলোর বিষয়ে তাঁর জানা নেই।
ডেসটিনির কোম্পানি সচিব মিজানুর রহমানও স্বীকার করেছেন, যে যেভাবে পারছে দখল করে খাচ্ছে ডেসটিনির সম্পদ। পুলিশ প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছে না।
ডেসটিনির বিরুদ্ধে করা মামলার বাদী দুদক। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য পুলিশকে দায়িত্ব দেন।
এ অবস্থায় দুদকের দায়দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ডেসটিনির সম্পদ দেখভালের দায়িত্ব ডিএমপিকে দিয়েছেন আদালত। এ ক্ষেত্রে দুদকের কিছু করার নেই।
তবে দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ডিএমপির উচিত প্রতি তিন মাস অন্তর ডেসটিনির সব স্থাবর-অস্থাবর সম্পদ থেকে আসা আয়-ব্যয়ের হিসাব আদালতে প্রতিবেদন আকারে জানানো।
গাড়ি নিয়ে জটিলতা: আদালতে দুদকের জমা দেওয়া জব্দ তালিকা অনুসারে, ডেসটিনির গাড়ির সংখ্যা ১১৬। এর মধ্যে মাত্র ৩৫টি গাড়ি জব্দ করতে পেরেছে পুলিশ। আবার পুলিশের জব্দ করা গাড়ির মালিকানা দাবি করে ২১ ব্যক্তি আদালতে কাগজপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে সাতজনকে আটটি গাড়ি ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।
আবার গত বছরের ১৫ সেপ্টেম্বর কে এম আলমগীর নামের এক ব্যক্তি ডেসটিনির একটি জিপকে নিজের দাবি করে আদালতের আদেশ কামনা করেন। এ বিষয়ে আদালতের নির্দেশে ডেসটিনি মামলার তদন্ত কর্মকর্তা যে প্রতিবেদন দেন, তাতে গাড়ির মালিক ডেসটিনির পরিচালক আকবর হোসেন (সুমন) বলে জানানো হয়। তদন্ত কর্মকর্তা বলেন, গাড়ি ক্রোক করতে আদালতের নির্দেশ থাকলেও সন্ধান না পাওয়ায় এত দিন তা জব্দ করতে পারেনি পুলিশ। প্রতিবেদন পেয়ে আদালত কে এম আলমগীরের আবেদন নাকচ করে গাড়িটি জব্দ করার নির্দেশ দেন।
এদিকে ডেসটিনির একটি প্রাইভেট কার নিজের দাবি করে চট্টগ্রামের একজন ব্যবসায়ীর কাছে ৩৫ লাখ টাকায় বিক্রি করেন শাকিলা আক্তার (বিথি)। কিন্তু রেজিস্ট্রেশন করতে গড়িমসি করায় পাঁচলাইশ থানায় অভিযোগ করেন ক্রেতা দেলোয়ার হোসেন। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, এটি ডেসটিনির গাড়ি। পরে তা জব্দ করা হয়।
১৬ ফ্ল্যাট অন্যের দখলে: ঢাকায় ডেসটিনির ৫৮টি ফ্ল্যাটের মধ্যে ১৬টিই অন্যদের দখলে আছে। আর জব্দ করা ৪২টি ফ্ল্যাটের মধ্যে অধিকাংশ ফ্ল্যাটের ভাড়াটেকে ওঠাতে পারেনি পুলিশ। আদালতে প্রতিবেদন দিয়ে পুলিশ বলেছে, ভাড়াটেদের ফ্ল্যাট খালি করার নির্দেশ দিলেও তাঁরা তা মানছেন না।
পুরান ঢাকার কোর্ট হাউস স্ট্রিটে ডেসটিনির মালিকানাধীন ছয়তলা ভবনে ৪৫ জন আইনজীবীর চেম্বার রয়েছে। ৪৫ জন আইনজীবীর সঙ্গে চুক্তিনামা থাকলেও ২৫০ জন আইনজীবী চেম্বার হিসেবে ব্যবহার করছেন। এ ছাড়া নয়টি পরিবারও বসবাস করে সে ভবনে। সবাইকে বাড়ি খালি করতে নির্দেশ দিলেও তাঁরা বাড়ি ছাড়েননি বলে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের স্ত্রী ডেসটিনির পরিচালক ফারাহ দিবার স্বাক্ষরিত রসিদে ভাড়া আদায় করছেন রফিকুলের বোন। আবার অনেকে দাবি করছেন, তাঁরা ডেসটিনির কাছ থেকে ফ্ল্যাট কিনে নিয়েছেন।
সম্প্রতি কোর্ট হাউস স্ট্রিটে ডেসটিনির মালিকানাধীন ছয়তলা ভবনে গিয়ে ভাড়াটেদের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। সাত-আটজন আইনজীবী বলেন, ক্রোক আদেশের পরও তাঁরা সেখানে আছেন। রফিকুল আমিনের বোন ভাড়া নিয়ে যাচ্ছেন মাসে মাসে।
এ তথ্য জানালে দুদকের একাধিক আইনজীবী প্রথম আলোকে বলেন, আদালতের আদেশের পর পুলিশের এ বক্তব্য গ্রহণযোগ্য নয়। কোনোভাবেই এ সম্পদ থেকে ডেসটিনি-সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকা তুলতে পারেন না।
পল্টন, পুরানা পল্টন, শান্তিনগর, কাকরাইল, গুলশান, বনানী, ভাটারা ও বসুন্ধরা আবাসিক এলাকায় ডেসটিনির নয়টি জমি এবং স্থাপনাসহ তিনটি জমি বেদখল রয়েছে।
ডেসটিনির অধিকাংশ সম্পদ বেহাত হওয়ার বিষয়টি জানালে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘মামলাটি আদালতে বিচারাধীন। এ অবস্থায় এ নিয়ে কোনো প্রকার মন্তব্য করতে পারব না।’
হেলেনা আক্তার, আসমা খাতুন, ওসমান গাজী, জেসমিন তালুকদার, স্বপ্না মণ্ডলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেসটিনির ২০ জন গ্রাহকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেন, অনেক কষ্টের টাকা ডেসটিনিতে বিনিয়োগ করছিলেন লাভের আশায়। এখন সেই টাকা সাত-ভূতে খাচ্ছে। তাঁদের লাভের দরকার নেই। সরকার আসল টাকাটা তুলে দিলেই তাঁরা খুশি। তাঁদের সবার প্রশ্ন—আর কত বছর অপেক্ষা করতে হবে।
ডেসটিনির সার্বিক বিষয় নিয়ে ২০১৩ সালেই তদন্ত করে বাণিজ্য মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে প্রশাসক নিয়োগের পরামর্শ দেওয়া হয়। কিন্তু সরকার তা বাস্তবায়ন করতে পারেনি।
গতকাল রাতে মুঠোফোনে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, রাষ্ট্রীয় কাজে তিনি নেপালে আছেন। মামলাসহ নানা কারণে ডেসটিনির বিষয়টি খুব জটিল প্রকৃতির। তাই এই মুহূর্তে তিনি কিছু বলতে পারছেন না।