ডেসটিনির হারুনের জামিন বহাল
ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আবেদন প্রত্যাখ্যান করেছেন চেম্বার বিচারপতি। গতকাল সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. শামসুল হুদা এ আদেশ দেন। ফলে হারুন-অর-রশিদকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবদুল মতিন খসরু। তবে হাইকোর্টের আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর নিয়মিত লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে দুদকের করা দুটি মামলায় ১৮ অক্টোবর হাইকোর্ট শর্ত সাপেক্ষে হারুন-অর-রশিদের দুই মাসের জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে দুদক ২১ অক্টোবর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুটি আবেদন করে। এ বিষয়ে গতকাল শুনানি হয়। গত ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের এমডি মো. রফিকুল আমীন ও প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদসহ ২২ জনের বিরুদ্ধে কলাবাগান থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় আত্মসমর্পণ করে হারুন-অর-রশিদ, রফিকুল আমীনসহ তিন কর্মকর্তা জামিন চাইলে ১১ অক্টোবর জজ আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।