ডেসটিনির ১৬ কর্মকর্তার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে করা দুটি মামলায় ডেসটিনি গ্রুপের আরও ১৬ জন কর্মকর্তা জামিন পেয়েছেন। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম হারুন-অর-রশীদ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের আগ পর্যন্ত একজন আইনজীবীর জিম্মায় তাঁদের জামিন মঞ্জুর করেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা বলেন, এই মামলায় জামিনের আবেদন গ্রহণ করার এখতিয়ার হাকিম আদালতের নেই। তাই গত ৬ আগস্ট দেওয়া পাঁচ আসামির জামিন বাতিল করার জন্য উচ্চ আদালতে রিভিশন আবেদন করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আইনের কোথাও বলা হয়নি যে হাকিম আদালত শুনানি করতে পারবেন না।গতকাল পৃথক দুটি মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামিরা।আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ আদালতকে বলেন, এই মামলায় পাঁচজন আসামি জামিন পেয়েছেন। ওই আসামি এবং আজকের আসামিদের অবস্থান একই। তাই সহ-আসামির শর্তে তাঁরা জামিন পেতে পারেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, দুদক প্রাথমিক অনুসন্ধান করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই মামলা করেছে। জামিন পাওয়া ১৬ জন কর্মকর্তা হলেন ডেসটিনির পরিচালক মেজবাহ উদ্দিন স্বপন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, জমসেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দীবা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা জাকির হোসেন, আজাদ রহমান, আকরাম হোসেন, শিরিন আক্তার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুল ইসলাম খান ও ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলম।গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুদক ডেসটিনি গ্রুপের ২২ জন কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুটি মামলা করে।