ডেসটিনির ৪৪ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা
ডেসটিনির বিরুদ্ধে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের পৃথক দুই মামলায় প্রতিষ্ঠানটির ৪৪ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত৷ গতকাল বুধবার পৃথক দুটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এই আদেশ দেন৷ আগামী ১৩ জুলাই পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন৷
চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডেসটিনি গ্রুপের ২২ জন এবং এ কাজে সহযোগী ২৯ জন মিলিয়ে দুটি মামলায় মোট ৫১ জনের বিরুদ্ধে গত ৪ মে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ এঁদের মধ্যে ১৪ জন আবার দুই মামলাতেই আসামি হয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ ও ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ডেসটিনি গ্রুপের শীর্ষ ১৩ পরিচালক। রাজধানীর কলাবাগান থানায় ২০১২ সালের ৩১ জুলাই এই মামলা দুটি করা হয়৷ ৫১ আসামির মধ্যে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, পরিচালক আকবর হোসেন, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, শফিউল ইসলাম ও শিরিন আকতার কারাগারে আটক আছেন৷ একজন জামিনে আছেন৷ বািক ৪৪ জন পলাতক৷
যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক সাঈদ-উর-রহমান, গোফরানুল হক, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, ফারাহ দীবা, জমসেদ আরা চৌধুরী, নেপাল চন্দ বিশ্বাস, শেখ তৈয়বুর রহমান, জাকির হোসেন, আজাদ রহমান, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, আবুল কালাম আজাদ এবং গ্রুপটির কোষাধ্যক্ষ আকরাম হোসেন৷
গতকাল দুটি মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ জামিনের আবেদন করেন৷ শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন৷ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষে কৌঁসুলি কবির হোসাইন মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান৷
মামলায় অভিযোগ করা হয়, গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থের পরিমাণ চার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেলেও ডেসটিনির মোট সম্পদের পরিমাণ মাত্র ৪০০ কোটি টাকা৷ গাছ বিক্রির ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিরা আদালতের নির্দেশ অমান্য করে অস্তিত্ববিহীন গাছের প্যাকেজ বিক্রি করেছে৷ সাড়ে ছয় কোটি গাছ কাগজে থাকলেও বাস্তবে মাত্র ৩১ লাখ গাছ খঁুজে পাওয়া গেছে৷ দুদকের অপর মামলার তদন্ত অনুযায়ী, ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড (ডিটিপিএল) আইন ও বিধি লঙ্ঘন করে গাছ বিক্রির নামে দুই হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে এলসি হিসেবে ৫৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৪০ টাকা এবং সরাসরি পাচার করেছে আরও দুই লাখ ছয় হাজার মার্কিন ডলার।