
মানি লন্ডারিং আইনে পৃথক দুটি মামলায় ডেসটিনির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ১৩ পরিচালকসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার অভিযোগপত্র দাখিল করেন।
বিতর্কিত বহুস্তর বিপণন প্রতিষ্ঠান ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল) ও ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের (ডিটিপিএল) ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে লেনদেনের মাধ্যমে চার হাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ২২ জনের বিরুদ্ধে এই দুটি মামলা করা হয়। তদন্তে ডিএমসিএসএলের বিরুদ্ধে মামলায় নতুন করে ২৪ জন এবং ডেসটিনি ট্রি প্লান্টেশনের মামলায় নতুন সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।
ডিএমসিএসএলের মামলায় আসামিরা হলেন সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, রফিকুল আমীন, তাঁর স্ত্রী ফারাহ দীবা, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক সাঈদ-উর-রহমান, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, জামশেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, আজাদ রহমান, আকবর হোসেন, শিরিন আক্তার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুল ইসলাম খান, আবুল কালাম আজাদ এবং ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) দিদারুল আলম।
তদন্তে এই মামলায় নতুন করে ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন বেস্ট এভিয়েশনের সাবেক চেয়ারম্যান এম হায়দারুজ্জামান, উপদেষ্টা জয়নাল আবেদীন, সাবেক প্রধান অর্থ কর্মকর্তা কাজী মো. ফজলুল করিম ও সাবেক কর্মকর্তা মোল্লা আল আমীন, বনানীর ইসলাম ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক শফিউল ইসলাম, সাবেক ব্যবস্থাপক সিকদার কবিরুল ইসলাম, কর্মকর্তা মো. ফিরোজ আলম, বনানীর মমতাজ এন্টারপ্রাইজ ও গোল্ডেন লাইন অ্যাসোসিয়েটসের মালিক ওমর ফারুক, ডেসটিনি গ্রুপের কন্ট্রোলার সুনীল বরণ কর্মকার, ডেসটিনি এয়ার সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আকতার, ডেসটিনি-নিহাজ জুট স্পিনার্স লিমিটেডের চেয়ারম্যান এস সহিদুজ্জামান, ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান আবদুর রহমান, ডিএমসিএসএলের সহসভাপতি সাকিবুজ্জামান খান, সম্পাদক এস এম আহসানুল কবির, সাবেক কোষাধ্যক্ষ এ এইচ এম আতাউর রহমান, সদস্য গোলাম কিবরিয়া, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, এ কে এম সফিউল্লাহ, শাহ আলম ও দেলোয়ার হোসেন, ডেসটিনি ২০০০ লিমিটেডের জেসমিন আক্তার ও ডেসটিনি গ্রুপের উপদেষ্টা শফিকুল হক।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা বহুস্তর বিপণন ব্যবসাপদ্ধতিতে উচ্চ হারে মুনাফার লোভ দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ বিভিন্ন প্যাকেজের শেয়ার দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। প্রতারণার মাধ্যমে গ্রাহকের বিনিয়োগ করা অর্থ আসামিরা ৩২টি অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগের নামে নিজেদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করেন এবং পরস্পরের যোগসাজশে তা আত্মসাৎ করেন। কিছু অর্থ বিদেশেও পাচার করা হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়, ডিএমসিএসএলের মামলায় আসামিরা নিজেরা লাভবান হওয়ার জন্য ২০০৯ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত সাড়ে আট লাখের বেশি বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণা করেন। গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থের পরিমাণ চার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেলেও ডেসটিনির মোট সম্পদের পরিমাণ মাত্র ৪০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করেও গ্রাহকদের ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আসামিরা উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে অস্তিত্বহীন গাছের প্যাকেজ বিক্রি করেছেন। কাগজে-কলমে সাড়ে ছয় কোটি গাছ থাকলেও বাস্তবে মাত্র ৩১ লাখ গাছ খুঁজে পাওয়া গেছে।
অভিযোগপত্রে বলা হয়, ডেসটিনি মিথ্যা প্রলোভন দেখিয়ে অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ, নতুন প্রতিষ্ঠান খোলার নামে বিনিয়োগকারীদের কাছ থেকে এক হাজার ৯০১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা নেন। আসামিরা লভ্যাংশ, সম্মানী ও বেতন-ভাতার নামে এক হাজার ৮৬১ কোটি টাকার বেশি অর্থ প্রতারণার মাধ্যমে স্থানান্তর করে তা আত্মসাৎ করেন।
ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেড-সংক্রান্ত দুর্নীতির মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৬ সালের ২১ মার্চ থেকে ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আইন ও বিধি লঙ্ঘন করে গাছ বিক্রির নামে দুই হাজার ৩৩৫ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জনগণের কাছ থেকে তোলা হয়। আসামিরা এই অর্থ থেকে দুই হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এর মধ্যে বিভিন্ন ব্যাংকে ঋণপত্র হিসেবে ৫৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৪০ টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। দুটি মামলায় ১৫০ জনকে সাক্ষী করা হয়েছে।