ডেসটিনির ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেসটিনি
ডেসটিনি

চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডেসটিনি গ্রুপের ২২ জন এবং এ কাজে সহযোগী ৩১ জন মিলিয়ে দুটি মামলায় ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ডেসটিনি গ্রুপের শীর্ষ ১৩ পরিচালক।
গতকাল বৃহস্পতিবার দুদকের নিয়মিত কমিশন বৈঠকে এই দুটি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয় বলে জানান দুদক কমিশনার (তদন্ত) মো. শাহাবউদ্দিন। তিনি বলেন, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (ডিএমসিএসএল) মামলায় তদন্তে নতুন করে ২৪ জন এবং ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের তদন্তে নতুন সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ২ জানুয়ারি কমিশনে জমা দেওয়া অভিযোগপত্রের তদন্ত প্রতিবেদনে ডিভেক রিয়েল এস্টেটের চেয়ারম্যান মো. গোলাম হোসেনের নাম থাকলেও গতকাল অনুমোদিত হওয়া অভিযোগপত্রে তাঁর নাম নেই।
কমিশনার মো. শাহাবউদ্দিন বলেন, গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থের অঙ্ক চার হাজার কোটি টাকার বেশি হলেও ডেসটিনির মোট সম্পদের পরিমাণ মাত্র ৪০০ কোটি টাকা। সুতরাং ডেসটিনির সম্পদ বেচে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। আদালতের নির্দেশ অমান্য করে অস্তিত্ববিহীন গাছের প্যাকেজ বিক্রি করা হয়েছে। কাগজে-কলমে সাড়ে ছয় কোটি গাছ থাকলেও বাস্তবে মাত্র ৩১ লাখ গাছ খুঁজে পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ৪৬ শতাংশ হারে মুনাফার লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। পাশাপাশি ওই অর্থ বিনিয়োগের নামে নিজেদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন তাঁরা। কিছু অর্থ বিদেশেও পাচার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ডিএমসিএসএল মামলায় আসামিরা বিনিয়োগকারীদের কাছ থেকে এক হাজার ৯০১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করেন। সেখান থেকে তাঁরা লভ্যাংশ, সম্মানী ও বেতন-ভাতার নামে এক হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৯৫৫ টাকা সরিয়ে নেন।
ডিএমসিএসএল মামলায় আসামিরা হচ্ছেন: হারুন-অর-রশিদ, রফিকুল আমীন, তাঁর স্ত্রী ফারাহ দীবা, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক সাঈদ-উর-রহমান, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, জামশেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, আজাদ রহমান, আকবর হোসেন, শিরিন আক্তার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুল ইসলাম খান, আবুল কালাম আজাদ এবং ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) দিদারুল আলম।
তদন্তে এই মামলায় নতুন করে ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন: বেস্ট এভিয়েশনের সাবেক চেয়ারম্যান এম হায়দারুজ্জামান, উপদেষ্টা জয়নাল আবেদীন, সাবেক প্রধান অর্থ কর্মকর্তা কাজী মো. ফজলুল করিম ও সাবেক কর্মকর্তা মোল্লা আল আমীন, বনানীর ইসলাম ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক শফিউল ইসলাম, সাবেক ম্যানেজার সিকদার কবিরুল ইসলাম, কর্মকর্তা মো. ফিরোজ আলম, বনানীর মমতাজ এন্টারপ্রাইজ ও গোল্ডেন লাইন অ্যাসোসিয়েটসের মালিক ওমর ফারুক, ডেসটিনি গ্রুপের কন্ট্রোলার সুনীল বরণ কর্মকার, ডেসটিনি এয়ার সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আকতার, ডেসটিনি-নিহাজ জুট স্পিনার্স লিমিটেডের চেয়ারম্যান এস সহিদুজ্জামান, ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান আবদুর রহমান, ডিএমসিএসএলের সহসভাপতি সাকিবুজ্জামান খান, সম্পাদক এস এম আহসানুল কবির, সাবেক কোষাধ্যক্ষ এ এইচ এম আতাউর রহমান রেজা, সদস্য গোলাম কিবরিয়া, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, এ কে এম সফিউল্লাহ, শাহ আলম, দেলোয়ার হোসেন, ডেসটিনি ২০০০ লিমিটেডের জেসমিন আক্তার ও ডেসটিনি গ্রুপের অ্যাডভাইজার শফিকুল হক।
ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড (ডিটিপিএল) মামলার তদন্তে জানা গেছে, ২০০৬ সালের ২১ মার্চ থেকে ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আইন ও বিধি লঙ্ঘন করে গাছ বিক্রির নামে ডিটিপিএলের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে দুই হাজার ৩৩৫ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা সংগ্রহ করা হয়। এ অর্থ থেকে দুই হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে এলসি হিসেবে ৫৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৪০ টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। আর সরাসরি পাচার করা হয়েছে আরও দুই লাখ ছয় হাজার মার্কিন ডলার। এতেও আসামি হিসেবে আছেন হারুন-অর রশিদ, রফিকুল আমীনসহ ডেসটিনি মাল্টিপারপাসের মামলায় অভিযুক্ত প্রথম ১২ জন। এতে নতুন করে অভিযুক্ত হয়েছেন ডেসটিনি ২০০০-এর বিক্রয় প্রতিনিধি জসিমউদ্দিন ভুঁইয়া, জাকির হোসেন, এস এম আহসানুল কবির, জুবায়ের সোহেল, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান ও আবুল কালাম আজাদ।