ডেসটিনির ‘অপকর্ম’ খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ডেসটিনি-২০০০-এর অপকর্ম খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।গতকাল সোমবার জাতীয় সংসদে রাজশাহীর সাংসদ এনামুল হকের এক নোটিশের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এনামুল হক নোটিশে বলেন, রাজশাহীর বাগমারাসহ দেশের বিভিন্ন স্থানে ডেসটিনি-২০০০ নামের একটি সংগঠন মিথ্যে আশ্বাস দিয়ে মানুষের কাছে তাদের শেয়ার বিক্রি করছে। অথচ এ ব্যাপারে কোনো আইনি অনুমোদন নেই। তিনি বলেন, অধিক মুনাফার লোভ দেখিয়ে ডেসটিনি এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। সরকার দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লাখ লাখ মানুষ তাদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে যাবে।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডেসটিনি-২০০০-এর কিছু কর্মকাণ্ড ইতিমধ্যে সরকারের নজরে এসেছে। তাদের মিথ্যে আশ্বাসে অনেকে প্রতারিত হচ্ছেন বলে খবর পাওয়া গেছে। সরকার তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ডেসটিনিসহ এ ধরনের মিথ্যে আশ্বাস দেওয়া সব কোম্পানির কার্যক্রম খতিয়ে দেখে সরকার কঠোর ব্যবস্থা নেবে।ভেজাল রদ: খাদ্যে ভেজাল বন্ধে করণীয় সম্পর্কে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন ডেপুটি স্পিকার শওকত আলী। শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ নিয়ে আলোচনার সময় তিনি এ রুলিং দেন।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারদলীয় সাংসদ রফিকুল ইসলাম খাদ্যে ভেজাল রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে শিল্পমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে নোটিশ দেন।বিধি অনুযায়ী নোটিশ পড়ার পর শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বক্তব্য দিতে গিয়ে নতুন কিছু না বলে রফিকুল ইসলামের নোটিশটাই পড়েন।