ডেসটিনিসহ সব এমএলএম কোম্পানির কার্যক্রম বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনিসহ সব মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির কার্যক্রম বন্ধ এবং সঞ্চিত আমানত ফেরতের নিশ্চয়তা দেওয়ার দাবিতে গতকাল বুধবার ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। শহরের গাঙ্গিনারপাড় এলাকার শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সচেতন ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও ভুক্তভোগী ব্যক্তি অংশ নেন। এ সময় অনেক পথচারীও মানববন্ধনের সঙ্গে যুক্ত হন। মানববন্ধন চলাকালে বক্তারা ডেসটিনির কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়া এবং পরে প্রতারিত হওয়ার নানা ঘটনা তুলে ধরেন। তাঁরা অভিযোগ করেন, সহজেই ধনী হওয়ার স্বপ্ন দেখিয়ে দেশের শিক্ষিত বেকার, শিক্ষার্থী ও যুবসমাজের মগজ ধোলাই করছে এসব এমএলএম কোম্পানি। তারা প্রতারণা ও অবৈধ ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন ধরনের অনৈতিক পন্থা অবলম্বন করে সাধারণ মানুষের অর্থ লুটে নিচ্ছে। বক্তারা অবিলম্বে দেশে ডেসটিনি, গ্লোবাল সাকসেস, ম্যাক্সিম, প্যারাডক্স, নিউওয়ে, ডোরওয়েসহ সব এমএলএম কোম্পানির কার্যক্রম বন্ধ করা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আমানতকারীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাঁদের সঞ্চিত অর্থ যথাসময়ে ফেরত পান, সে বিষয় নিশ্চিত করারও দাবি জানান।কর্মসূচিতে সচেতন ছাত্রসমাজের পক্ষে বক্তব্য দেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী ওয়ালিদ তুষার, পলাশ আহমেদ, টিটু মিয়া, সুমিত সাহা, আলীম আহমেদ প্রমুখ। ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষ থেকে বক্তব্য দেন শহরের একটি কোচিং সেন্টারের শিক্ষক শাহীন আহমেদ।