ডোমার ও মিঠাপুকুরে দুই ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় গতকাল মঙ্গলবার বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক কৃষক খুন হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারোবিশা খামাত বামুনিয়া গ্রামের নিতাই চন্দ্র বাড়ির অদূরে ঝাড় থেকে বাঁশ কাটছিলেন। এ নিয়ে তাঁর সঙ্গে গোবিন্দ চন্দ্রের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গোবিন্দ চন্দ্র তাঁর ছোট ভাইয়ের ঘাড় ও মাথায় দায়ের কোপ দেন। ঘটনাস্থলে নিতাই চন্দ্রের মৃত্যু হয়। পালানোর চেষ্টা করলে এলাকাবাসী গোবিন্দকে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান গতকাল রাত পৌনে আটটায় বলেন, গোবিন্দ চন্দ্রকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের মা কিরণ বালা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের রহমতপুর পাইলচড়া গ্রাম থেকে আবদুল মালেক (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের খদেক আলীর ছেলে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার নিহতের স্ত্রী রুপিয়া বেগম চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মিঠাপুকুর থানায় মামলা করেছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত রোববার সন্ধ্যার পর চার ব্যক্তি আবদুল মালেককে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার বিকেলে নিহতের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পাটখেতে একটি লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি আবদুল মালেকের বলে শনাক্ত করেন। সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবদুল মালেককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।