নীলফামারীর ডোমার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) কর্মকর্তা-কর্মচারীদের অদক্ষতার কারণে দুটি উপজেলার সাড়ে ১৭ হাজার গ্রাহক গতকাল শুক্রবার দিনভর দুর্ভোগের শিকার হয়েছেন। বেলা ১১টার দিকে বিদ্যুৎ চলে যায়৷ কিন্তু বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এর কারণ উদ্ঘাটন করতে পারেননি তাঁরা।
পিডিবির ডোমার কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আবদুল মতিন বলেন, বিদ্যুৎ যাওয়ার পর থেকে বিদ্যুতের নীলফামারী-ডোমার প্রধান সরবরাহ লাইনের ত্রুটি খোঁজার জন্য কর্মীরা কাজ করছেন৷ বিকেল সাড়ে পাঁচটার দিকে দুটি স্থানে ত্রুটি ধরা পড়েছে৷ ওই দুই স্থানে দুটি ইনস্যুলেটর বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেগুলো সারানোর কাজ চলছে৷ সন্ধ্যা সাতটা নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন৷ তিনি জানান, ডোমার ও ডিমলা উপজেলায় পিডিবির গ্রাহকসংখ্যা সাড়ে ১৭ হাজার।
অন্তত ২০ জন গ্রাহক অভিযোগ করেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর অফিসে যোগাযোগ করলেও কর্মকর্তারা এর কারণ জানাতে পারেননি৷ সোনারায় ইউনিয়নের গ্রাহক আনছারুল ইসলাম বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের অদক্ষতার কারণে গ্রাহকদের প্রায়ই সমস্যায় পড়তে হয়৷ কখন বিদ্যুৎ পাব তাও জানি না।’