ডোমারে কার্ড ফেরত পাচ্ছেন হতদরিদ্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে কার্ড ফেরত পাচ্ছেন হতদরিদ্র ব্যক্তিরা। প্রথম আলোয় গতকাল শুক্রবার ‘দরিদ্রের নাম কেটে সচ্ছলদের নামে কার্ড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওই হতদরিদ্র ব্যক্তিদের কার্ড ফেরত দেওয়ার আশ্বাস দেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবেদন প্রকাশের পর গতকাল সকালে সোনারায় ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ কার্ড পাওয়ার পর বাতিল হওয়া বঞ্চিত ব্যক্তিদের কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাঁদের কার্ড পুনর্বহালের আশ্বাস দেন। পাশাপাশি নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সচ্ছল ব্যক্তিদের কার্ড বাতিল করার কথা জানান।
ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘প্রকৃত কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তিদের বাতিল হওয়া কার্ড পুনর্বহালের কাজ শুরু করেছি।’
গত ৬ অক্টোবর ‘১০ টাকা কেজির চাল, ডোমার ও ভূরুঙ্গামারীতে কার্ড বিতরণে অনিয়ম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন রাতে ইউএনও সাবিহা সুলতানা এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। একই দিন রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মৃত্যুঞ্জয় রায় বর্মণ থানায় মামলা করেন। মামলায় সচ্ছল কার্ডধারী হরিণচড়া ইউনিয়নের শালমারা গ্রামের রশিদুল ইসলাম, বনমালী রায়, হরিণচড়া ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আহসান হাবীবকে আসামি করা হয়। মামলাটি পুলিশ দুদকে পাঠায়। দুদক রশিদুল ও বনমালীকে গত বৃহস্পতিবার কারাগারে পাঠায়।