ডোমারে ঘুষ চাওয়া নিয়ে রেলের দুই কর্মকর্তার হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার রেলস্টেশনে গতকাল বুধবার দুপুরে ঘুষ চাওয়া নিয়ে দুই কর্মকর্তার মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় আহত ট্রাফিক ইন্সপেক্টর অব কমার্শিয়াল (টিআইসি) বদরুল আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানান, গতকাল সকালে রেলওয়ের সান্তাহার কার্যালয়ের টিআইসি বদরুল আলম ডোমার রেলস্টেশন পরিদর্শনে আসেন। বিভিন্ন কাগজ পরীক্ষাকালে দুপুরের দিকে তিনি ওই স্টেশনের মাস্টার আনোয়ার হোসেনের কাছে উৎকোচ দাবি করেন। এ নিয়ে অফিস কক্ষে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় টিআইসি বদরুল আলম অফিস কক্ষ থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে আসেন। সেখানে তিনি পা পিছলে রেললাইনের ওপর পড়ে আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টেশনমাস্টার আনোয়ার হোসেন অভিযোগ করেন, ‘ওই কর্মকর্তা প্রতি মাসে পরিদর্শনে এসে বিভিন্ন অজুহাতে ঘুষ দাবি করেন। ঘুষ না পেয়ে তিনি কর্তৃপক্ষের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। ইতিপূবে তাঁর দেওয়া এমন অভিযোগে আমার দুটি ইনক্রিমেন্ট স্থগিত হয়ে যায়। গতকাল একইভাবে পরিদর্শনে এসে বিভিন্ন অজুহাতে আমার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তিনি চড়াও হয়ে আমাকে কিলঘুষি মারেন। উপস্থিত লোকজন তাঁকে থামালে তিনি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় পা পিছলে রেললাইনে পড়ে মাথায় আঘাত পান।’
বদরুল আলম উৎকোচ চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরিদর্শনকালে স্টেশনমাস্টারের হিসাবে ৪৯ হাজার টাকার গরমিল পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে স্টেশনমাস্টার ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করেন। কিলঘুষি মেরে জোরে ধাক্কা দিলে মেঝেতে পড়ে আমার মাথা ফেটে যায়। আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর স্টেশনমাস্টারের বিরুদ্ধে মামলা করব।’