ডোমারে পরিবহন ধর্মঘট পালিত
নীলফামারীর ডোমার উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল ওয়াদুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার অর্ধদিবস পরিবহন ধর্মঘট পালন করা হয়েছে। ডোমার উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট পালন করে। ওয়াদুদ জাতীয় শ্রমিক লীগেরও সভাপতি।
উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরতাল সফল করতে নিজেদের যানবাহন বন্ধ রেখে গতকাল সকাল ছয়টা থেকে উপজেলা শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়।
পরিবহন ধর্মঘট শেষে শহরের বাসস্ট্যান্ডে উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে এক সভা হয়। সভায় বক্তব্য দেন শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি মো. আতিয়ার রহমান, উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইলিয়াছ হোসেন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেরাজুল হক, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক আক্তারুল আলম, পিকআপ মাইক্রোবাস উপশাখার সভাপতি রশিদুল হক প্রমুখ। উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর রাতে ওয়াদুদ বাড়ি ফেরার পথে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।